আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ দিয়ে আজ শেষ হবে বিশ্বকাপের প্রথম পর্বের খেলা। এরপর নকআউট পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। যে দল জিতবে, টিকে থাকবে। হেরে যাবে, বিদায় নিবে। ফুটবল মহাযজ্ঞ বিশ্বকাপ আজ রাতে পা রাখবে নকআউট পর্বে। প্রথম পর্ব শেষ হওয়ার আগেই গোল উৎসবের আসরে পরিণত হয়েছে বিশ্বকাপ ফুটবল। গোলের রেকর্ড হয়েছে। ৪৮ দলের বিশ্বকাপে ১২ গ্রুপের প্রথম পর্বে মোট খেলা ৭২টি। ৩২ দলের গত বিশ্বকাপে মোট খেলা ছিল ৬৪টি। গোল হয়েছিল ১৭২টি। এবার প্রথম পর্ব শেষ হওয়ার আগেই এখন পর্যন্ত গোল হয়েছে ১৭৭টি। যে ধারায় গোল হচ্ছে, ২০ জুলাই বিশ্বকাপের ফাইনাল শেষে গোলের সংখ্যায় কোথায় গিয়ে দাঁড়াবে? ম্যাচপ্রতি গোল হয়েছে ৩টি করে। এমন গাণিতিক হিসাবে ফাইনাল শেষে ১০৪ ম্যাচে বিশ্বকাপের গোল তিন শ পেরিয়ে ৩১০ থেকে ৩১৫টি হতে পারে! গোলের গড় আগের তুলনায় বেশি। এই রেকর্ডকে বিশ্বকাপের অনন্য রেকর্ড বলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো, ‘কাতার বিশ্বকাপের ১৭২ গোল পেরিয়ে যাওয়া স্পষ্ট বুঝিয়ে দিয়েছে এবং দিচ্ছে যে, এই বিশ্বকাপ কতটা ফুটবল উত্তেজনা ছড়াচ্ছে। আক্রমণাত্মক ফুটবল খেলে ফুটবলাররা ২০২৬ বিশ্বকাপকে অবিস্মরণীয় করে তুলেছে।’
বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে বাছাই পর্বে অংশ নেয় ২১১ দেশ। এবারই প্রথম মূল পর্বে খেলছে ৪৮টি। টিকে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, চারবারের জার্মানি, তিনবারের আর্জেন্টিনা, দুবারের ফ্রান্স এবং একবারের স্পেন ও ইংল্যান্ড। বিশ্বচ্যাম্পিয়নদের মধ্যে আবার হারের তিক্ত স্বাদ নিয়েছে জার্মানি ও উরুগুয়ে। চারবারের বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়েছে ইকুয়েডর এবং উরুগুয়েকে হারিয়েছে স্পেন। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানে জিতেছে জার্মানি ৭-১ গোলে কুরাসাওয়ের বিপক্ষে। কানাডা ৬-০ গোলে কাতারকে হারিয়েছে। জার্মানি, ফ্রান্স ও নেদারল্যান্ডস এখন পর্যন্ত ১০টি করে গোল করেছে।
হ্যাটট্রিক হয়েছে তিনটি। আলজেরিয়ার বিপক্ষে চলতি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। কাতারের বিপক্ষে আসরের দ্বিতীয় হ্যাটট্রিক কানাডার জোনাথন ডেভিডস এবং তৃতীয় হ্যাটট্রিক ফ্রান্সের ওসমান ডেম্বেলের। এর মধ্যে ডেম্বেলে মাত্র ৩২ মিনিটে গোল তিনটি করে হ্যাটট্রিক করেন। যা বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক। ১৯৫৪ সালে অস্ট্রিয়ার এরিক প্রবস্ট সাবেক চেকোস্লাভাকিয়ার বিপক্ষে ২৪ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন। ১৯৯৪ সালের পর প্রথমার্ধে হ্যাটট্রিক এই প্রথম। সেবার প্রথমার্ধের ৪৫ মিনিটে ক্যামেরুনের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রাশিয়ার ওলেগ সালেঙ্কো। মেসি দুই ম্যাচ খেলে গোল করেছেন ৫টি। প্রথম ম্যাচে হ্যাটট্রিক ও জোড়া গোল করেন অস্ট্রিয়ার বিপক্ষে। ৪ গোল করে তার পেছন পেছন ছুটছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও ডেম্বেলে, ব্রাজিলের ভিনিসাস জুনিয়র, নরওয়ের আর্লিং হলান্ড। তিনটি করে গোল করেছেন আট ফুটবলার।
শুধু গোল সংখ্যায় কাতার বিশ্বকাপকে পেরিয়ে যায়নি, মাঠে বসে খেলা দেখা দর্শকের সংখ্যাও পেরিয়ে গেছে এবারের আসর।