আট মৌসুম পর ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হলো উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের। মঙ্গলবার ওয়েস্ট হ্যাম ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে নেমে গেল ওয়েস্ট মিডল্যান্ডসের এই ক্লাব।
চলতি মৌসুমে দুর্বল পারফরম্যান্সের কারণে আগেই অবনমনের শঙ্কায় ছিল দলটি। তবে ম্যাচ না খেলেই অন্য ম্যাচের ফলাফলে তাদের অবনমন নিশ্চিত হয়ে যায়, যা ক্লাবের জন্য এক হতাশাজনক অধ্যায় হিসেবে ধরা হচ্ছে।
গত মৌসুমে ১৬তম স্থানে থাকা উলভারহ্যাম্পটন এবার মৌসুম শুরু করেছিল ভিতো পেরেইরার কোচিংয়ে। তবে খারাপ ফলাফলের কারণে নভেম্বরে তাকে বরখাস্ত করা হয়। এরপর দায়িত্ব নেন রব এডওয়ার্ডস, কিন্তু তাতেও অবস্থার উন্নতি হয়নি।
চলতি মৌসুমে জানুয়ারির আগে একটিও জয় পায়নি ক্লাবটি। প্রথম জয়ের দেখা পেতে তাদের ১৯ ম্যাচ অপেক্ষা করতে হয়। এরপর কিছুটা উন্নতি হলেও শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়নি।
৩৩ ম্যাচে উলভারহ্যাম্পটনের জয় মাত্র ৩টি, ড্র ৮টি এবং পরাজয় ২২টি। মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৭।
অন্তর্বর্তীকালীন নির্বাহী ন্যাথান শি বলেন, সমর্থকদের আরও ভালো প্রাপ্য ছিল এবং ক্লাব ঘুরে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রাখবে। তিনি জানান, ক্লাবের দুর্বলতা চিহ্নিত করা হয়েছে এবং আগামী মৌসুমে শক্তিশালী দল গঠনের লক্ষ্য নিয়ে কাজ করা হবে।
বিডি প্রতিদিন/এম.এস