টটেনহাম হটস্পার প্রিমিয়ার লিগে অবনমন এড়ানোর লড়াইয়ে গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া করেছে। ঘরের মাঠে লিডস ইউনাইটেডের বিপক্ষে জয় প্রায় নিশ্চিত করেও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে উত্তর লন্ডনের দলটিকে। ফলে অবনমন অঞ্চল থেকে নিরাপদ দূরত্ব তৈরি করার সুযোগ নষ্ট হয়েছে স্পার্সদের।
সোমবার রাতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে দুই দলই বেশ আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি কেউ। বিরতির পর ম্যাচের ৫০তম মিনিটে ফরাসি ফরোয়ার্ড ম্যাথিস তেল দূরপাল্লার দুর্দান্ত শটে টটেনহামকে এগিয়ে দেন। সেই সময় মনে হচ্ছিল টানা তৃতীয় জয় পেতে যাচ্ছে স্বাগতিকরা।
তবে ম্যাচের মোড় ঘুরে যায় ৭৪ মিনিটে। নিজেদের ডি-বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে বাইসাইকেল কিকের চেষ্টা করেন তেল। এ সময় তার বুট গিয়ে লাগে লিডস ডিফেন্ডার ইথান আম্পাদুর মুখে। ভিএআরের সহায়তায় রেফারি পেনাল্টি দেন অতিথিদের। এরপর স্পট কিক থেকে গোল করে সমতা ফেরান ডমিনিক কালভার্ট-লেউইন।
শেষ মুহূর্তে ম্যাচে বাড়তি উত্তেজনা ছড়ায়। ইনজুরি সময়ে ১৩ মিনিট যোগ হলেও আর গোল পায়নি কোনো দল। বরং অতিরিক্ত সময়ের একেবারে শেষদিকে লিডসের নিশ্চিত গোল ঠেকিয়ে দেন টটেনহামের গোলরক্ষক আন্তোনিন কিনস্কি।
৩৬ ম্যাচ শেষে টটেনহামের সংগ্রহ ৩৮ পয়েন্ট। তারা আছে লিগ টেবিলের ১৭ নম্বরে এবং অবনমন অঞ্চলের খুব কাছাকাছি অবস্থানে। ১৮তম স্থানে থাকা ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের চেয়ে মাত্র দুই পয়েন্টে এগিয়ে আছে স্পার্সরা। হাতে বাকি আছে আর দুটি ম্যাচ, যেখানে পরের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ চেলসি।
বিডি প্রতিদিন/এম.এস