ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে দাপুটে সূচনা করেছে নেদারল্যান্ডস। কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে গেছে ডাচরা, শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে চাপে রাখে তারা।
খেলা শুরুর মাত্র ৩ মিনিটেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। তিউনিসিয়ার রক্ষণভাগের ভুলে হওয়া আত্মঘাতী গোলে প্রথম সাফল্য পায় কমলা জার্সিধারীরা। প্রাথমিক ধাক্কা সামলে ওঠার আগেই সপ্তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড ব্রায়ান ব্রবি। দ্রুত দুই গোল হজম করে ম্যাচে ছন্দ হারিয়ে ফেলে উত্তর আফ্রিকার দলটি।
এরপরও বলের দখল ও আক্রমণের ধার ধরে রাখে নেদারল্যান্ডস। একের পর এক আক্রমণে তিউনিসিয়ার রক্ষণকে ব্যস্ত রাখলেও প্রথমার্ধে আর কোনো গোল যোগ করতে পারেনি তারা। অন্যদিকে তিউনিসিয়াও কয়েকবার পাল্টা আক্রমণের চেষ্টা চালালেও কার্যকর সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়।
ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে তিউনিসিয়ার বিদায় নিশ্চিত হয়েছে। তবে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে এখনো গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস। এই ম্যাচে জয় পেলে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান আরও শক্ত হবে এবং নকআউট পর্বের আগে আত্মবিশ্বাসও বাড়বে।
প্রথমার্ধের পারফরম্যান্সে ডাচদের আক্রমণভাগ ছিল দুর্দান্ত ছন্দে। একই ধারা বজায় থাকলে দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ রয়েছে। অন্যদিকে বড় ব্যবধানের হার এড়াতে তিউনিসিয়াকে রক্ষণে দৃঢ়তার পাশাপাশি আক্রমণেও কার্যকর পরিবর্তন আনতে হবে।
বিডি-প্রতিদিন/এমএল