২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপট দেখিয়ে এগিয়ে রয়েছে মিসর। ডালাস স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিট পর্যন্ত ইমাম আশুরের একমাত্র গোলে ১-০ ব্যবধানে লিড ধরে রেখেছে আফ্রিকার দলটি।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে মিসর। ১৩ মিনিটে করিম হাফেজের নিখুঁত ক্রস থেকে দারুণ এক হেডে জালে বল পাঠান ইমাম আশুর। সেই গোলেই এগিয়ে যায় মিসর।
গোল হজমের পর অস্ট্রেলিয়া কয়েকটি আক্রমণ গড়লেও সেগুলো লক্ষ্যভেদ করতে পারেনি। এইডেন ও'নিল, ক্রিস্টিয়ান ভলপাতো, কনর মেটক্যালফের প্রচেষ্টা ব্যর্থ হয়। অন্যদিকে ওমর মারমুশও মিসরের ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন, তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হয়।
২৭ মিনিট পর্যন্ত ম্যাচের পরিসংখ্যানে বল দখলে স্পষ্ট এগিয়ে মিসর। তাদের দখলে ছিল ৬৮ শতাংশ বল, অস্ট্রেলিয়ার ৩২ শতাংশ। পাসেও এগিয়ে আফ্রিকার প্রতিনিধিরা। ১৭১টি পাসের ৯১ শতাংশ সফল করেছে মিসর, যেখানে অস্ট্রেলিয়ার সফল পাস ৯১টি, সাফল্যের হার ৮২ শতাংশ।
এ সময় পর্যন্ত অস্ট্রেলিয়া চারটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি। মিসর তিনটি শটের একটি থেকেই গোল আদায় করে নেয়। লাইভ জয়ের সম্ভাবনায়ও এগিয়ে রয়েছে আফ্রিকার দলটি। সেখানে মিসরের জয়ের সম্ভাবনা ৬৫ শতাংশ, অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনা ২৫ শতাংশ এবং অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা ১০ শতাংশ দেখানো হয়েছে।
শেষ ৩২-এর এই ম্যাচে জয়ী দল জায়গা করে নেবে বিশ্বকাপের শেষ ষোলোতে।
বিডি প্রতিদিন/আশিক