আর্জেন্টিনার সামনে সেমিফাইনালের স্বপ্নের পথ খুলে যাওয়ার সুযোগ। তবে সেই পথে প্রথম বাধা কেপ ভার্দে। ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে আজ মিয়ামিতে টুর্নামেন্টের চমক জাগানো দলটির বিপক্ষে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। কাগজে কলমে এগিয়ে থাকলেও নকআউট পর্বে কোনো ঝুঁকি নিতে চায় না লিওনেল স্কালোনির দল।
সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা প্রায় ৮৯ দশমিক ৪ শতাংশ। সেই বাধা পেরোতে পারলে শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া অথবা মিশর।
এরপর কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে সুইজারল্যান্ড অথবা কলম্বিয়া। ফলে টুর্নামেন্টের এই অংশে ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড কিংবা জার্মানির মতো শক্তিশালী দলগুলোর মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে না। এ কারণেই অনেক বিশ্লেষক আর্জেন্টিনার এই ড্রকে সেমিফাইনালে ওঠার তুলনামূলক সহজ পথ হিসেবে দেখছেন।
তবে আর্জেন্টিনা শিবিরে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে রুখে দিয়ে কেপ ভার্দে নকআউটে জায়গা করে নিয়েছে। সেই পারফরম্যান্সই প্রমাণ করে দিয়েছে, তাদের বিপক্ষে কোনো ভুলের সুযোগ নেই।
স্কালোনিও সতর্ক। তার মতে, বিশ্বকাপের নকআউট পর্বে কোনো প্রতিপক্ষকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই। তাই সেমিফাইনালের সম্ভাব্য সমীকরণ নয়, আপাতত পুরো মনোযোগ কেপ ভার্দের বিপক্ষের ম্যাচেই।
বিডি প্রতিদিন/আশিক