ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা তেহরানের গ্র্যান্ড মুসল্লাহতে সমবেত হয়েছেন। সেখানে জাতীয় পতাকায় মোড়ানো খামেনির মরদেহের পাশে পরিবারের আরও চার সদস্যের কফিন রাখা হয়েছে। তাদের মধ্যে একটি কফিন ১৪ মাস বয়সী এক শিশুর।
ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি পরিবারের কয়েকজন সদস্যসহ নিহত হন।
শুক্রবার (৩ জুলাই) শুরু হওয়া রাষ্ট্রীয় শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় খামেনির পাশাপাশি তার মেয়ের জামাতা মেসবাহ উল হুদা বাঘেরি, বড় মেয়ে সৈয়দা বুশরা হোসেইনি খামেনি, পুত্রবধূ ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্ত্রী জাহরা হাদ্দাদ আদেল এবং ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদী গোলপায়গানির মরদেহও রাখা হয়েছে।
ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, সবচেয়ে ছোট কফিনটিতে রয়েছে ১৪ মাস বয়সী জাহরা মোহাম্মাদী গোলপায়গানির মরদেহ। রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে দেশ-বিদেশের প্রতিনিধি, শীর্ষ কর্মকর্তা ও সাধারণ মানুষ অংশ নিচ্ছেন।
বিডি-প্রতিদিন/এআইএস