মাদারীপুরে কাভার্ড ভ্যানচাপায় চাচি-ভাতিজির মৃত্যু হয়েছে। এ ছাড়া গাজীপুর, ঝিনাইদহ ও নোয়াখালীতে চারজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর- মাদারীপুর : শিবচর উপজেলায় কাভার্ড ভ্যানচাপায় চাচি-ভাতিজির মৃত্যু এবং দুজন আহত হয়েছেন। গতকাল উপজেলার মোড়লকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাদবরকান্দি গ্রামের খাইরুল মাদবরের স্ত্রী বিথী আক্তার (৩৫) ও হারুন মাদবরের মেয়ে আয়শা (৯)।
শ্রীপুর (গাজীপুর) : ময়মনসিংহে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু মারা গেছেন। তারা হলেন- ঢাকার কেরানীগঞ্জের কাওসার হোসেন (২৮) ও শরীয়তপুরের সোলেমান সিকদার (২২)।
ঝিনাইদহ : শৈলকুপায় ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আসিফ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আসিফ শৈলকুপা উপজেলার বন্দেখালী গ্রামের গরু ব্যবসায়ী নায়েবের ছেলে।
নোয়াখালী : সোনাইমুড়ী উপজেলায় দ্রুতগতির একটি বাসের চাপায় হাসনা বেগম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসনা চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের মোহাম্মদ হাসানের মেয়ে।