রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিয়েবাড়ি যাচ্ছিলেন বাবা-ছেলে ও নাতি। পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় সাড়ে পাঁচ বছরের বন্ধনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১টার দিকে সেও চলে যায় না ফেরার দেশে। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকালে গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা এলাকায়। গঙ্গাচড়া থানার ওসি আবদুস ছবুর তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, গঙ্গাচড়া সদর ইউনিয়নের পশ্চিম মান্দ্রাই গ্রামের পল্লী চিকিৎসক প্রশান্ত চন্দ্র রায় তার বাবা নির্মল চন্দ্র ও ছেলে বন্ধনকে (৫) নিয়ে মোটরসাইকেলে তুলসীরহাটের উদ্দেশে রওনা হন। পথে রংপুরগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।