নওগাঁয় বাড়ছে খুনাখুনি। জমি নিয়ে দ্বন্দ্ব, মতের মিল না হওয়া, দেনাপাওনা ও পারিবারিক বিরোধে সহিংস হয়ে উঠছে মানুষ। যা গড়াচ্ছে খুনখারাবি পর্যন্ত। অনেক সময় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়ছে পরিবার। অর্থনৈতিক ও সামাজিকভাবে হচ্ছে ক্ষতিগ্রস্ত। পারিবারিক কাঠামোর পরিবর্তন, নৈতিক শিক্ষার অভাব, প্রযুক্তির অপব্যবহার, অপসংস্কৃতি, মাদকের বিস্তার, বেকারত্ব ও হতাশা এর মূল কারণ মনে করছেন সংশ্লিষ্টরা। চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত নওগাঁর বিভিন্ন এলাকা থেকে ২৫টি লাশ উদ্ধার করেছে পুলিশ যা খুবই উদ্বেগজনক। নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, অধিকাংশ খুনের ঘটনা পারিবারিক সহিংসতায় হয়ে থাকে। ভাই তার ভাইকে, আবার স্বামী স্ত্রীকে খুন করছে। শিক্ষার্থীরা বিভিন্ন অপরাধে জড়াচ্ছে। কোনো কোনো অপরাধী ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে। তিনি বলেন, ‘সামাজিক অবক্ষয় রোধে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধ নিয়ে মতবিনিময় সভা করা হচ্ছে। পুলিশ তৎপর রয়েছে যেন নতুন করে কোনো অপরাধ না ঘটে। সামাজিক অবক্ষয় কোনো একক বা বিচ্ছিন্ন সমস্যা নয়, এটি আমাদের অস্তিত্বের সংকট হিসেবে দেখা দিয়েছে। আগামী প্রজন্মকে সুন্দর ও নিরাপদ পৃথিবী উপহার দিতে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’ সূত্রমতে সবশেষ ২৯ জুন নওগাঁর মহাদেবপুরের ছোট মহেশপুরে বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে ভাতিজা চপলের হাতে আবদুল জব্বার (৬৫) নামে এক চাচা খুন হয়েছেন। এর একদিন আগে ২৮ জুন সদর উপজেলার নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র আবদুল্লাহ আল নীরবের (১৪) লাশ উদ্ধার করা হয়। ১৭ জুন আত্রাই উপজেলা শাহাগোলা রেললাইনের পাশে পাওয়া গেছে নেয়ামুল বাশির (৫৩) নামে এক শিক্ষকের লাশ। ৮ জুন মান্দার হাটোর গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে মারধরে তৈয়বুর রহমান মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। ৭ জুন মান্দার ছুটিপুরে জমি নিয়ে বিরোধে খুন হন আবদুল হামিদ (৬৫)। ৩ জুন সাপাহারে পুনর্ভবা নদীর বলদিয়াঘাট থেকে মানসিক ভারসাম্যহীন কিশোর সিফাতের লাশ উদ্ধার করা হয়। ৭ মে সদর উপজেলা শহরের আরজি-নওগাঁয় গৃহবধূ ফাল্গুনীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে। ২০ এপ্রিল নিয়ামতপুরের বাহাদুরপুরে জমি নিয়ে দ্বন্দ্বে নিহত হন হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, ছেলে পারভেজ রহমান (৯) ও মেয়ে সাদিয়া আক্তার (৩)। ২ এপ্রিল সদর উপজেলার গোয়ালি উত্তরপাড়ায় মিনতি নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়। ১ এপ্রিল পোরশার শীতলি ডাঙ্গাপাড়ায় স্বামীর মারধরে প্রাণ হারান মরজিনা খাতুন রুপসি। ৩১ মার্চ নওগাঁ শহরের বাইপাস বরুণকান্দির মোড়ে গ্যারেজে রাখা বাস থেকে জাহিদ ইসলাম নামে বাসের হেলপারের লাশ উদ্ধার করা হয়। বদলগাছী মাইলস্টোন হাইস্কুলের প্রধান শিক্ষক আবু জর গিফারী বলেন, অধিকাংশ খুনে যুবক বা তরুণরা জড়িত। নানান কারণে তাদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। এ হতাশা থেকেই মূলত নানান অপরাধ সংঘটিত হচ্ছে।