বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে লিটন সাকিদার (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত অভিযোগে পাঁচজনকে আটক করেছে।
জানা যায়, মাঝবাড়ী গ্রামের মুহিদুল ইসলাম সাকিদারের সঙ্গে একই গ্রামের খাজা প্রামাণিকের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ বিষয়ে আদালতে উভয়পক্ষের একাধিক মামলা বিচারাধীন। গতকাল সকালে উভয়পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। আহত হন নয়জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সারিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। লিটন সাকিদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাঠানো হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনি মারা যান। সারিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান বলেন, লাশ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মারামারির সঙ্গে জড়িত থাকার অপরাধে পাঁচজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।