নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন কেন্দ্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় উপজেলা শহরের পেট্রোলপাম্প ও বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। গতকাল বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল ছিল। জলঢাকা ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপি স্বাক্ষরিত আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, মোটর শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন কেন্দ্র করে দুই পক্ষে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও বলা হয়, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে নির্ধারিত সময়ে ওই এলাকায় সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন, লাঠি বা দেশি অস্ত্র বহন বা প্রদর্শন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা অধিকসংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভাসমাবেশ, মিছিল নিষিদ্ধ থাকবে।