২০ দিন পেরিয়ে গেলেও ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে নিখোঁজ হওয়া লালমনিরহাটের পাটগ্রামের কিশোর লিমনের (১৩) সন্ধান মেলেনি। পুলিশ জানিয়েছে, তাকে উদ্ধারে প্রয়োজনীয় চেষ্টা অব্যাহত রয়েছে। নিখোঁজ লিমন পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা খলিল উদ্দিনের ছেলে। পরিবারের ভাষ্য, ১৩ জুন বাবার সঙ্গে গ্রামের বাড়ি থেকে কামরাঙ্গীরচর এলাকায় নানার বাসায় আসে লিমন। পরদিন সকালে বাসা থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। তার নানা খতিবুর রহমান বলেন, লিমন ঢাকার সানরাইজ এলাকার একটি থ্রি-পিস কারখানায় কাজ করত। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে এসে কর্মস্থলে যোগ না দিয়ে বাসায় অবস্থান করছিল। সম্প্রতি নতুন এক কারখানায় তাকে ঢোকানো হয়। সেখানে পরিবেশ ভালো না লাগায় লিমন চলে আসে। পরদিন থেকেই সে নিখোঁজ। ছেলে হারানোর ঘটনায় লিমনের বাবা কামরাঙ্গীরচর থানায় জিডি করেছেন।