গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মিত রামমন্দির অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদসভা হয়েছে। গতকাল শহরের বাহিরগোলা জামে মসজিদ মোড়ে এ প্রতিবাদসভার আয়োজন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এর আগে মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, ভৌগোলিক অখন্ডতা এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য ও ঘটনাপ্রবাহে আমরা উদ্বিগ্ন। দেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এমন পদক্ষেপ বা বক্তব্য অগ্রহণযোগ্য।’ জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে সামাজিক সম্প্রীতি রক্ষায় পলাশবাড়ীর খোলা জায়গায় নির্মিত রামমূর্তি অপসারণ, প্রকল্পের অর্থায়ন, অনুমোদন খতিয়ে দেখাসহ পাঁচ দফা দাবি উত্থাপন করেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।