ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার দক্ষিণ মনিকুড়া গ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বসুন্ধরা শুভসংঘ স্কুলের কার্যক্রম শুরু হয়েছে। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের উদ্যোগে নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে স্কুলটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
শীতের কুয়াশাঘেরা সকালে নতুন বই পেয়ে আনন্দে মুখর হয়ে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা। পাহাড়ঘেরা দুর্গম এই অঞ্চলে স্কুলটি শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করেন স্থানীয়রা।
অভিভাবকেরা জানান, এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান দূরে হওয়ায় অনেক শিশুই নিয়মিত স্কুলে যেতে পারত না। নতুন এই স্কুল তাদের সন্তানদের পড়াশোনার সুযোগ সহজ করবে।
এক অভিভাবক বলেন, ‘আমাদের ছেলেমেয়েদের জন্য এটি বড় একটি সুযোগ। বসুন্ধরা গ্রুপ এই এলাকার শিশুদের ভবিষ্যৎ বদলে দেওয়ার পথ খুলে দিয়েছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে কালের কণ্ঠের হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম মিশু বলেন, দুর্গম ও পাহাড়ি এই অঞ্চলে অর্থনৈতিক সংকটের কারণে অনেক শিশু শিক্ষার বাইরে থেকে যাচ্ছে। বসুন্ধরা শুভসংঘ স্কুল শিশুদের মেধা বিকাশে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা সৈয়দ নাফিউল হাসান মুবিন বলেন, হালুয়াঘাট দেশের দরিদ্র এলাকাগুলোর একটি। এখানে বহু শিশু এখনও শিক্ষার আলো থেকে বঞ্চিত। এই স্কুল তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হালুয়াঘাট মহিলা কলেজের সিনিয়র প্রভাষক সুলতান আহমদ, বসুন্ধরা শুভসংঘের বিভিন্ন পর্যায়ের সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য এবং স্থানীয় অভিভাবকেরা।
বিডি-প্রতিদিন/সুজন