নতুন বছরের প্রথম দিনে নতুন বই পাওয়ার আনন্দে মুখর হয়ে উঠেছে দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের মাকড়াই গ্রামে অবস্থিত বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীরা।
জাতীয় শিক্ষাক্রমের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে ২০২৬ শিক্ষাবর্ষের বিনা মূল্যের পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। এ সময় সরকারি নির্দেশনা অনুযায়ী কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই বই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
এদিন বসুন্ধরা শুভসংঘ স্কুলের প্রাক-প্রাথমিক শ্রেণির ৩০ জন, প্রথম শ্রেণির ৩০ জন এবং দ্বিতীয় শ্রেণির ৩০ জন—মোট ৯০ জন শিক্ষার্থীর মাঝে নতুন বছরের পাঠ্যবই বিতরণ করা হয়। বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় পরিচালিত এই স্কুলে সম্পূর্ণ বিনা মূল্যে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছে।
নতুন বই হাতে পেয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রনিতা বলে, নতুন বই পেয়ে খুব ভালো লাগছে। এখন মন দিয়ে পড়াশোনা করব।
অভিভাবক শিল্পী বেগম বলেন, বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় এখানে আমাদের সন্তানরা সম্পূর্ণ বিনা মূল্যে পড়াশোনার সুযোগ পাচ্ছে। খাতা, কলম, ব্যাগ, জুতা ও স্কুলড্রেস সবকিছুই দেওয়া হয়। তাই সন্তানদের পড়াশোনা নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই। নতুন বছরের শুরুতেই বই পেয়ে তারা আরও উৎসাহিত হবে।
বই বিতরণকালে উপস্থিত ছিলেন বীরগঞ্জ শুভসংঘ স্কুলের সমন্বয়ক ও কালের কণ্ঠের বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহেল আহমেদ, শিক্ষক মো. ফরহাদ হোসেন, জেসমিন বেগমসহ স্থানীয় অভিভাবকরা।
এ সময় বক্তারা বলেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। বসুন্ধরা গ্রুপের এই মানবিক উদ্যোগ প্রান্তিক এলাকার শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
বিডি প্রতিদিন/কেএইচটি