বছরের প্রথম দিনেই কুড়িগ্রামে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে শিক্ষার আনন্দ ছড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলংকারকুঠিতে অবস্থিত বসুন্ধরা শুভসংঘ স্কুলে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ উলিপুর শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠ-এর আঞ্চলিক প্রতিনিধি রোকনুজ্জামান মানু, শিক্ষক আবু সাঈদ ও এনামুল হকসহ অভিভাবকেরা।
নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা যায় উচ্ছ্বাস ও আনন্দ। বছরের প্রথম দিনেই বই হাতে পাওয়া তাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
শিক্ষার্থী সাদিয়া খাতুন, রোকাইয়া খাতুন ও মঞ্জু মিয়া জানায়, ‘নতুন বই পেয়ে খুব ভালো লাগছে। আগে আমরা স্কুলে যেতে পারতাম না। এখানে বসুন্ধরা শুভসংঘ স্কুল হওয়ার পর এখন পড়াশোনা করতে পারছি।’
অভিভাবক মাইদুল ইসলাম বলেন, ‘এই চরে আগে কোনো স্কুল ছিল না। বসুন্ধরা শুভসংঘ স্কুল হওয়ায় আমাদের সন্তানরা এখন লেখাপড়ার সুযোগ পাচ্ছে। অন্য স্কুলের তুলনায় এখানকার শিক্ষার্থীরা ভালো পড়াশোনা শিখছে।’
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বসুন্ধরা শুভসংঘ উলিপুর শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/সুজন