নতুন বছরে আনন্দঘন পরিবেশে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বসুন্ধরা শুভসংঘ স্কুল কাচাকুল গ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়। বই বিতরণের পাশাপাশি শিশুদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি করতে ছিল আনন্দঘন আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল উপজেলা শাখার সভাপতি এম রাসেল আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা আক্তার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বই উৎসবের উদ্বোধনী বক্তব্যে বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল উপজেলা শাখার এম রাসেল আহমেদ বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতেই বসুন্ধরা শুভসংঘ কাজ করে যাচ্ছে। নববর্ষের প্রথম দিনে শিশুদের হাতে বই তুলে দিতে পেরে আমরা আনন্দিত।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা আক্তার বলেন,“এই বই উৎসব শিশুদের মনে নতুন উদ্দীপনা তৈরি করবে। বছরের শুরুতেই বই পেলে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে, যা ভবিষ্যতে ভালো ফলাফলে ভূমিকা রাখবে।"
শিক্ষানুরাগী ইলিয়াস হোসাইন বলেন,“বসুন্ধরা শুভসংঘ শুধু বই বিতরণ নয়, সমাজ গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরছে। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে গ্রামীণ শিক্ষাব্যবস্থা আরও শক্তিশালী হবে।”
বই উৎসবকে কেন্দ্র করে বিদ্যালয়জুড়ে ছিল উৎসবের আমেজ। শিশুদের হাসি-আনন্দ আর প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে পুরো স্কুল প্রাঙ্গণ। নতুন বই হাতে পেয়ে অনেক শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করে জানায়, বছরের প্রথম দিনটি তাদের কাছে আরও স্মরণীয় হয়ে থাকবে।
বিডি-প্রতিদিন/আশফাক