নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অর্থনীতি বিভাগের হলরুমে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ উল্লাপাড়া উপজেলা শাখার উপদেষ্টা আতাউর রহমান রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কামারখন্দ মহিলা কলেজের সহকারী অধ্যাপিকা রাশেদা সুলতানা রোজী।
বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী অধ্যাপক ডা. আতিকুর রহমান আতিক ও সাংবাদিক হাফিজুর রহমান বাবলু। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা ফিরোজ আনসারি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বসুন্ধরা শুভসংঘ উল্লাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুমন আনসারী।
স্বাগত বক্তব্যে উপজেলা শাখার উপদেষ্টা আতাউর রহমান রাজু বলেন, তিন মাসব্যাপী এই প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হবে এবং প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হবে।
তিনি আরও বলেন, এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে একজন দক্ষ ও অভিজ্ঞ সেলাই প্রশিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে দুস্থ, অসহায় ও অসচ্ছল ১৫ নারী অংশগ্রহণ করছেন। প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার নিয়মিত প্রশিক্ষণ ক্লাস অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদা সুলতানা রোজী বলেন, 'শুভ কাজে সবার পাশে' স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ যে উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া নারীর প্রকৃত মুক্তি সম্ভব নয়।
প্রশিক্ষণার্থী নবম শ্রেণির ছাত্রী মোহনা খাতুন বলেন, 'এ প্রশিক্ষণের মাধ্যমে আমাদের মতো শিক্ষার্থীরা নতুন করে স্বপ্ন দেখার সাহস পাচ্ছে।'
সাধারণ সম্পাদক সুমন আনসারী বলেন, 'পিছিয়ে পড়া ও গ্রামাঞ্চলের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ যুগান্তকারী পদক্ষেপ রাখবে বলে আশা করছি।'
এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ উল্লাপাড়া উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান হাসান আলিফ, অর্থ সম্পাদক সজল আহমেদ, সাহিত্য সম্পাদক আব্দুল খালেক সোহেলসহ সংগঠনের অন্য সদস্যরা।
বিডি-প্রতিদিন/এমই