ময়মনসিংহের গৌরীপুরে আলোচিত চা বিক্রেতা হারুন মিয়ার পাঠাগারে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী বই পাঠের আড্ডা। সোমবার বিকেলে গৌরীপুরের সতিষা মহল্লার ৫ নম্বর ওয়ার্ডের পাঠাগারটিতে এ আয়োজন করে গৌরীপুর বসুন্ধরা শুভসংঘ।
মানুষকে বইমুখী করতে ২০২৩ সালে চা দোকানের পাশেই শতাধিক বই নিয়ে পাঠাগারটির যাত্রা শুরু করেন হারুন মিয়া। চা বিক্রির পাশাপাশি তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পর্যায়ে অধ্যয়নরত। পাঠাগার স্থাপন, মাদকবিরোধী আন্দোলন, মুক্তিযোদ্ধাদের জন্য অর্ধেক দামে চা বিক্রি ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের কারণে তিনি দেশজুড়ে বেশ পরিচিতি পেয়েছেন।
ব্যতিক্রমী এই উদ্যোগটি বসুন্ধরা শুভসংঘের প্রতিষ্ঠাতা, নন্দিত কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক ইমদাদুল হক মিলনের দৃষ্টি আকর্ষণ করে। তার অনুপ্রেরণায় গৌরীপুর বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে হারুনের পাঠাগারে বই পাঠানো হয়।
গৌরীপুর বসুন্ধরা শুভসংঘের সভাপতি শংকর ঘোষ পিলু বলেন, 'হারুন মিয়া গৌরীপুর উপজেলার একজন আলোকিত মানুষ। মানুষকে বইয়ের প্রতি আগ্রহী করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের মতো গুণী লেখকের বই নিয়ে এখানে আড্ডা দিতে পারা আমাদের জন্য আনন্দের।'
শুভসংঘের সদস্য জাহাঙ্গীর ইসলাম সাব্বির বলেন, 'চায়ের চুমুকের সঙ্গে বই পড়ার অনুভূতিই আলাদা। এখানে যে চা খেতে আসে, সে বইয়ের প্রেমে পড়ে যায়।'
বই আড্ডায় আরও উপস্থিত ছিলেন, গৌরীপুর উপজেলা যুব উন্নয়ন অফিসের হিসাবরক্ষক নবেল আহমেদ, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মোকলেছুর রহমান, অ্যাডভোকেট ওয়ারেস আমান নুর মুকুটসহ বসুন্ধরা শুভসংঘের সদস্য শেখ মোহাম্মদ সৌরভ ও আফ্রিদি হাসান নীরব।
বিডি-প্রতিদিন/এমই