বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ‘নারী পুরুষ সমান অর্থনৈতিক অধিকার’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গোবিন্দগঞ্জ উপজেলার ঝিলপাড়ার অ্যানালাইসিস একাডেমি পরিবার হলরুমে এ আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম ঝিনুক। তিনি বলেন, নারী ও পুরুষের সমান অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা ছাড়া সমাজের টেকসই উন্নয়ন সম্ভব নয়। পারিবারিক ও সামাজিক কাঠামোতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জরুরি।
কর্মশালার প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কমপিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী শুভংকর শিতু। তিনি তথ্যপ্রযুক্তির সহায়তায় নারীর অর্থনৈতিক অগ্রগতি ও সম-অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা জেলা শাখার সভাপতি হুমায়ূন আহমেদ বিপ্লব। তিনি বলেন, সমাজে সমতা ও ন্যায়ের ভিত্তি গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সচেতন করাই এ ধরনের কর্মশালার মূল উদ্দেশ্য।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা জেলা শাখার সহ-অর্থ-বিষয়ক সম্পাদক মাহফুজ রহমান মুন এবং সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দীপ মহন্ত।
পরে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে বিজয়ী হন দশম শ্রেণির শিক্ষার্থী ফাহমিদা, রক্তিম ও রাফি। এছাড়া প্রতিযোগিতায় কৃতিত্বের পরিচয় দেওয়ায় একই শ্রেণির সাকিব, সাহেদ, নিলয়, ইরা ও সুমাইয়াকে প্রখ্যাত সাহিত্যিক ইমদাদুল হক মিলনের বই উপহার দেওয়া হয়।
ফাহমিদা জানান, কর্মশালাটি শিক্ষার্থীদের মাঝে নারী-পুরুষ সমান অর্থনৈতিক অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি-প্রতিদিন/এমই