বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে তরুণ সমাজকে দক্ষ, আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে এক অনুপ্রেরণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল “দক্ষতা উন্নয়নের মাধ্যমে বেকারত্ব মোকাবিলার উপায়”।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি নাফিউল হাসান মুবিন। উপদেষ্টামণ্ডলীর পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার উপদেষ্টা জিয়াউল হক মোহাম্মদ জুয়েল, নিজাম উদ্দীন সৌরভসহ জেলা শাখার অন্যান্য উপদেষ্টারা।
কর্মশালায় নবগঠিত কমিটির তরুণ নেতৃত্বের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও গতিশীল করে তোলে। উপস্থিত ছিলেন সহ-সভাপতি জিহাদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিমুর রহমান রিয়াদ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক শাহরিয়ার বিবেক, প্রচার সম্পাদক আনিতুর রহমান সাদি, কর্ম ও পরিকল্পনা সম্পাদক মোহাম্মদ হাসান, ইভেন্ট সম্পাদক মেহেবুবা জেরি। এছাড়াও কার্যকরী সদস্য মো. সিয়াম, মো. তানভীর রহমান, অনিমসহ শুভসংঘের অসংখ্য সদস্য কর্মশালায় অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে জিয়াউল হক মোহাম্মদ জুয়েল বলেন, ‘শুভসংঘের প্রতিটি শুভ বার্তা আজ গোটা শহরে ছড়িয়ে পড়েছে। এখানে যুক্ত প্রতিটি তরুণ-তরুণী সমাজ উন্নয়নের কাজে নিজেদের সম্পৃক্ত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান সময়ে তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন অত্যন্ত জরুরি। দক্ষতা অর্জনের মাধ্যমেই বেকারত্ব মোকাবিলা করা সম্ভব এবং আত্মনির্ভরশীল জাতি গঠনে তরুণরাই হবে মূল চালিকাশক্তি।’
সভাপতির বক্তব্যে নাফিউল হাসান মুবিন বলেন, ‘সমাজ পরিবর্তনের প্রধান শক্তি হলো তরুণ সমাজ। সঠিক দিকনির্দেশনা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব। বসুন্ধরা শুভসংঘ সবসময় মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে কাজ করে যাচ্ছে।’
তিনি আরও বলেন, এ ধরনের কর্মশালা তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় তথ্যপ্রযুক্তি, ফ্রিল্যান্সিং, উদ্যোক্তা উন্নয়ন, যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস বৃদ্ধি ও ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অভিজ্ঞ প্রশিক্ষক ও সফল উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে তরুণদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়।
আয়োজকরা জানান, চাকরির পেছনে না ছুটে নিজ নিজ দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টির মানসিকতা গড়ে তোলাই ছিল এই কর্মশালার মূল লক্ষ্য। দক্ষতা উন্নয়নের মাধ্যমে বেকারত্ব যে একটি সমস্যা নয়, বরং সম্ভাবনায় রূপ নিতে পারে এই বার্তাই তুলে ধরা হয় কর্মশালায়।
দক্ষ, সচেতন ও আত্মবিশ্বাসী তরুণ প্রজন্মই গড়ে তুলবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ এই বিশ্বাস নিয়ে কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়।
বিডি-প্রতিদিন/আশফাক