দিনাজপুরে তীব্র শীতের প্রভাব বাড়তে থাকায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীত উপকরণ বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সদর উপজেলা শাখার উদ্যোগে খোদমাধবপুর খলিলুল্লাহ তা‘লিমুল কুরআন মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ের ৪৮ জন শিক্ষার্থীর মাঝে পা মোজা ও ভ্যাসলিন বিতরণ করা হয়।
শনিবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শীতজনিত কষ্ট লাঘবে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।
শীত উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠ প্রতিনিধি এমদাদুল হক মিলন, সদর উপজেলা শাখার সভাপতি মো. আসতারুল আলম, সহ-সভাপতি মো. মোমিনুল ইসলাম, সদস্য লিটন হোসেন আকাশ, শিবশ্রী রায় এবং সিফাত আজমাইন।
অনুষ্ঠানে শুভসংঘ সদরের উপদেষ্টা এমদাদুল হক মিলন বলেন, “দিনাজপুরে শীতের প্রকোপ দিন দিন বাড়ছে। বিশেষ করে দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা শীতবস্ত্রের অভাবে বেশি কষ্ট পাচ্ছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বসুন্ধরা শুভসংঘ সব সময় মানবিক দায়িত্ব পালনে সচেষ্ট।”
সদর উপজেলা সভাপতি মো. আসতারুল আলম বলেন, “শীতের তীব্রতা থেকে শিক্ষার্থীদের সুরক্ষা দিতে আমরা নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করছি। আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
মাদ্রাসার শিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, “শীতের সময়ে শিশুদের ত্বকের যত্ন ও পা গরম রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসচেতনতার কারণে অনেক সময় তারা অসুস্থ হয়ে পড়ে, যা তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটায়। ভ্যাসলিন ও মোজা বিতরণের এই উদ্যোগটি ছোট মনে হলেও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা এবং নিয়মিত মাদ্রাসায় উপস্থিতি নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।”
শীতউপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা জানায়।
জেলায় কয়েকদিন ধরে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ভোর ও রাতের দিকে ঘন কুয়াশা পড়ছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীরাও শীতজনিত বিভিন্ন সমস্যায় ভুগছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে বসুন্ধরা শুভসংঘের এ মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে।
বিডি-প্রতিদিন/তানিয়া