সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সুবিধাবঞ্চিত নারীদের আত্মনির্ভরশীল করতে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার বসুন্ধরা গ্রুপের অর্থায়নে এবং বসুন্ধরা শুভসংঘের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ক্ষিরপোতা আনন্দ বৌদ্ধ বিহারের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ তাড়াশ উপজেলা শাখার সভাপতি মো. শামীউল হক শামীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ বৌদ্ধ বিহারের সভাপতি দেবী রানী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আদিবাসী একাডেমীর সভাপতি বীরেন্দ্র নাথ উরাঁও, সাংবাদিক মৃণাল সরকার মিলু, মো. শহীদুল ইসলাম রিপন এবং বসুন্ধরা শুভসংঘ তাড়াশ উপজেলা শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি সনাতন দাশ।
স্বাগত বক্তব্যে সনাতন দাশ জানান, এই প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারী নারীকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হবে। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য একজন দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। মোট ১৫ জন দরিদ্র ও অসচ্ছল নারী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে দেবী রানী বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ নারীদের ঘরে বসেই আয় করার সুযোগ সৃষ্টি করবে, যা পরিবার ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রশিক্ষণার্থী রিমা খাতুন বলেন, “আমার পরিবার আর্থিক সংকটে রয়েছে। পড়াশোনা শেষ করেও কর্মসংস্থান পাইনি। এই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে নিজের পায়ে দাঁড়াতে চাই।”
সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, ‘শুভ কাজে সবার পাশে’-এই আদর্শকে সামনে রেখেই বসুন্ধরা শুভসংঘ কাজ করে যাচ্ছে। গ্রামাঞ্চলের পিছিয়ে পড়া নারীদের জন্য এই সেলাই প্রশিক্ষণ একটি কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ।
সভাপতির বক্তব্যে শামীউল হক শামীম বলেন, বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে মানবিক ও সমাজকল্যাণমূলক নানা কাজ করার সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বিডি-প্রতিদিন/তানিয়া