ইংরেজি নববর্ষ ২০২৬-কে স্বাগত জানিয়ে শুভ কাজের মাধ্যমে নতুন বছর শুরুর বার্তা দিয়েছে বসুন্ধরা শুভসংঘ খাগড়াছড়ি জেলা শাখা। ‘নতুন বছর শুরু হোক বসুন্ধরা শুভসংঘের শুভ কাজ দিয়ে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৪ জানুয়ারি) সকালে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে খাগড়াছড়ির ইটছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বসুন্ধরা শুভসংঘের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের হাসি। বসুন্ধরা শুভসংঘের উপহার পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে খুশির ঝিলিক, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
এসময় ইটছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে পেন্সিল বক্স, পেন্সিল, ইরেজার এবং পেন্সিল কাটারসহ বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ পেয়ে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী বলেন, ‘নতুন খাতা, পেন্সিল আর পেন্সিল বক্স পেয়ে আমি খুব খুশি। আগে পুরোনো জিনিস দিয়ে পড়াশোনা করতে হতো। এখন মন দিয়ে পড়তে পারব। বসুন্ধরা শুভসংঘ সবসময় আমাদের জন্য যা করেছে, তা কখনো ভুলবো না।’
তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী হাসিমুখে বলেন, ‘স্কুলে এসে আজ খুব আনন্দ লাগছে। সবাই একসঙ্গে উপহার পেয়েছি। এখন লেখাপড়া করতে আরও ভালো লাগবে। আমি বড় হয়ে ভালো মানুষ হতে চাই।’
বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ির ইটছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যউ মারমা তাঁর বক্তব্যে বলেন, ‘মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ ধরনের উপহার প্রদান নিঃসন্দেহে তাদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াবে। এতে শুধু শিক্ষার্থীরাই অনুপ্রাণিত হবে না, বিদ্যালয়ের সার্বিক ফলাফলেও ইতিবাচক প্রভাব পড়বে। এজন্য বসুন্ধরা শুভসংঘকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’
ইটছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ক্যজসাই মার্মা তাঁর বক্তব্যে বলেন, বছরের শুরুতে এমন একটি মহত উদ্যোগ শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা। শিক্ষা উপকরণ শুধু সহায়তাই নয়, এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ায়।
বসুন্ধরা শুভসংঘের পার্বত্য অঞ্চল সমন্বয়ক উয়ই সিং মার্মা বলেন, ২০২৬ সালকে স্বাগত জানিয়ে শিশুদের শিক্ষার সহায়ক হয়ে দাঁড়াতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। একটি শুভ কাজের মাধ্যমে নতুন বছর শুরু করতে পেরে আমরা গর্বিত।
বসুন্ধরা শুভসংঘ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি পিয়াপ্রু মারমা বলেন, শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের বসুন্ধরা শুভসংঘের দায়িত্ব ও অঙ্গীকার। আগামীতেও বসুন্ধরা শুভসংঘ খাগড়াছড়ির শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে।
বসুন্ধরা শুভসংঘ খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাচিংমং মারমা বলেন, আগামীতেও খাগড়াছড়ি জেলায় বসুন্ধরা শুভসংঘের এধরনের শিক্ষামূলক কার্যক্রম চলমান থাকবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং স্থানীয়রা বসুন্ধরা শুভসংঘের এই সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বসুন্ধরা শুভসংঘ খাগড়াছড়ি জেলা শাখার সদস্য উম্রাশ্যাং মারমা, ক্যউ মারমা, উক্রা মারমাসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বসুন্ধরা শুভসংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাইনুল