শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলা ও শরীরচর্চায় আগ্রহী করে তুলতে মানিকগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে শহরের শিশু-কিশোরদের অংশগ্রহণে খেলাধুলা ও শরীরচর্চার উপকারিতা বিষয়ক এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের নিয়ে বিভিন্ন ধরনের শারীরিক ব্যায়াম ও ক্রীড়া কার্যক্রম অনুষ্ঠিত হয়। ফুটবল খেলা, দৌড় প্রতিযোগিতা এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজসহ নানা আয়োজন প্রাণবন্ত করে তোলে পুরো মাঠ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মো. হাসান শিকদার, সাধারণ সম্পাদক মীর নাইমুর রহমান প্লাবন, সহ-সভাপতি জহিরুল ইসলাম তুষার ও অসীম খান, দপ্তর সম্পাদক আতিকুর রহমান আশিক, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তাহমিনা আফরিন মোহনা, সহ-নারী ও শিশু বিষয়ক সম্পাদক তাসনিম ইসলাম রোজাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, নিয়মিত খেলাধুলা শরীর সুস্থ রাখার পাশাপাশি মানসিক চাপ কমায়, মনোযোগ বাড়ায় এবং শৃঙ্খলা ও দলগত মানসিকতা গড়ে তোলে। অন্যদিকে অতিরিক্ত মোবাইল ব্যবহার শিশুদের চোখের সমস্যা, স্থূলতা, মানসিক অবসাদ ও একাকিত্বের দিকে ঠেলে দিচ্ছে।
সভাপতি মো. হাসান শিকদার বলেন, আজকের শিশু-কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই। শিশুদের মোবাইল ও অনলাইন নির্ভরতা কমিয়ে মাঠে ফেরাতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
ক্যাম্পেইন চলাকালে শিশু-কিশোরদের সঙ্গে সরাসরি কথা বলে পড়াশোনা, খেলাধুলা ও বিনোদনের মধ্যে সময়ের সঠিক ভারসাম্য বজায় রাখার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে অভিভাবকদেরও শিশুদের মোবাইল ব্যবহারে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিশু-কিশোররা জানায়, দীর্ঘদিন পর মাঠে এসে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে পেরে তারা খুব আনন্দিত। অনেকেই বলেন, মোবাইল গেমের চেয়ে মাঠের খেলায় আনন্দ অনেক বেশি এবং ভবিষ্যতে নিয়মিত খেলাধুলা করতে চান।
স্থানীয় অভিভাবকরা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, বর্তমান প্রজন্মকে প্রযুক্তির অপব্যবহার থেকে রক্ষা করতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত এমন কার্যক্রম হলে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক পরিবর্তন আসবে।
বসুন্ধরা শুভসংঘ মানিকগঞ্জ জেলা শাখা জানায়, শিশু-কিশোরদের সুস্থ, সচেতন ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় খেলাধুলা, শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম চালু রাখা হবে।
বিডি-প্রতিদিন/তানিয়া