রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার আয়োজনে শীতকালে অগ্নিঝুঁকি কমিয়ে আনতে সচেতনতামূলক উঠান বৈঠক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) নগরীর ভদ্রা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শীতকালে আগুন ব্যবহারের সময় কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত, অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ, শিশু ও বৃদ্ধদের বিশেষ ঝুঁকি এবং দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় আলোচকরা বলেন, শীতকালে অনেক ক্ষেত্রে আগুন নিভে যাওয়ার পরও, ছাইয়ের নিচে তাপ রয়ে যায়। এতে শিশুরা না বুঝে ছাইয়ে খেলতে গিয়ে পা পুড়ে গুরুতরভাবে আহত হচ্ছে। তাই শিশুদের সব সময় নজরদারিতে রাখা এবং ঘরের আশপাশ পরিষ্কার রাখার ওপর জোর দেন।
আলোচনায় বক্তারা আরও বলেন, আগুনে পোড়া স্থানে কখনোই দাঁত মাজার পেস্ট, তেল, ডিম কিংবা ময়দা ব্যবহার করা উচিত নয়। এতে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় এবং পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই পোড়া স্থানে পরিষ্কার ঠাণ্ডা পানির নিচে কিছুক্ষণ ধরে রাখলে জ্বালাপোড়া কমে আসে। এরপর চিকিৎসকদের কাছে যাওয়ার পরামর্শ দেন।
এছাড়া শীতের রাতে আগুন জ্বালিয়ে ঘুমিয়ে পড়ার ঝুঁকি, ঢিলেঢালা কাপড় পরিধান করে আগুনের কাছে যাওয়ার বিপদ এবং শিশু ও বৃদ্ধদের আগুনের কাছাকাছি রাখার ক্ষতিকর দিক নিয়েও সবাইকে সচেতন করা হয়।
অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা শাখার দপ্তর সম্পাদক মো. জুলফিকার আলী হায়দার, সূর্যকিরণে পাঠশালার প্রতিষ্ঠাতা মো. শাইখ তাসনিম জামাল, সূর্যকিরণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাহমুদ হাসান প্রামানিক, বসুন্ধরা শুভসংঘের কার্যনির্বাহী সদস্য মো. আরিফুল ইসলাম, মো. হিমেল সরকার, মো. তানভির মাহতাব, আবু রাহিম এবং কায়সার সামীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল