নীলফামারী সরকারি কলেজে বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও ব্যক্তিত্ব বিকাশে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) কলেজের হলরুমে আয়োজিত এই কর্মশালার শিরোনাম ছিল ‘ক্যারিয়ারে সফলতায় সহশিক্ষা কার্যক্রম ও সফট স্কিল উন্নয়ন’।
কর্মশালায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ নীলফামারী সরকারি কলেজ শাখার সভাপতি ইমরান শাহ্ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম তুহিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজের সম্মানিত উপাধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য শায়লা পারভীন, রতন চন্দ্র রায়, উৎপল চন্দ্র রায়, আবু বকর সিদ্দিক ও রোমানা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান ও সময় ব্যবস্থাপনার মতো সফট স্কিল অর্জন করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষাজীবনের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বসুন্ধরা শুভসংঘের মতো সংগঠনগুলো শিক্ষার্থীদের সেই সুযোগ সৃষ্টি করছে—এ জন্য তিনি সংগঠনটির ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের চিন্তাশক্তি বিকাশ, দলগত কাজের অভিজ্ঞতা ও বাস্তব জ্ঞান অর্জনে সহায়তা করে। সফট স্কিল উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীরা চাকরি ও উদ্যোক্তা—উভয় ক্ষেত্রেই সফল হতে পারে।
সভাপতির বক্তব্যে ইমরান শাহ্ বসুন্ধরা শুভসংঘের লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে শিক্ষার্থীদের মানবিক ও সামাজিক উন্নয়নে দলবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম তুহিন বলেন, বসুন্ধরা শুভসংঘ শুধু একটি সংগঠন নয়, এটি মানবিক মূল্যবোধ ও নেতৃত্ব গঠনের একটি প্ল্যাটফর্ম। সমাজ পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কর্মশালায় অংশ নেন বসুন্ধরা শুভসংঘ নীলফামারী সরকারি কলেজ শাখার সহ-সভাপতি আবরার শাহরিয়ার, লাজু ইসলাম, রওনক হাসান, ফারাত পারভীন মুক্তি, আবিদা আক্তার মিমি, আকলিমা আহিয়া ঋতু, আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিবুজ্জামান নিবির, রাইসা ইয়াসমিন, সোহানা আক্তার সুমা, হাফিজুল ইসলাম, আদনান চৌধুরী, শামীমা আক্তার সাথী, সাংগঠনিক সম্পাদক সিয়াম ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান, নুরাইন খান, ফারিহা আক্তার, নুরে জান্নাত মেঘনা, রিদিকা তাবাসসুম রিফা, যমুনা রায়, অর্থ সম্পাদক শাহরিয়ার ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর জামান আশিক, নারী বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ভগীরথ রায় সৌরভ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আকিব আহমেদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, আপ্যায়ন সম্পাদক সোহেল রানা, কার্যকরী সদস্য উম্মে মোতাহার হৃদয়, নুর আমিন ইসলাম, প্রিয়াঙ্কা রায়, খুশি মনি, রাফিউল্লাহ রাফি, জাকিয়া সুলতানা জেমি এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
কর্মশালায় তথ্যভিত্তিক আলোচনা, বাস্তব উদাহরণ ও অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্যম সৃষ্টি করেছে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের ভবিষ্যৎ কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয় এবং কলেজ শাখার আগামী দিনের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরা হয়।
বিডি-প্রতিদিন/মাইনুল