পাবনায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তির নেতিবাচক প্রভাব এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বসুন্ধরা শুভসংঘ পাবনা সদর উপজেলা শাখার আয়োজনে পাবনা পৌর এলাকার সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রেখে পড়াশোনায় মনোযোগী করার পাশাপাশি সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের উৎসাহ দিতে উপহার হিসেবে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় খাতা কলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুর্মী পারভীন। তিনি বলেন, “বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে শিক্ষার্থীদের খাতা-কলম বিতরণ করা হয়েছে, যেন তারা মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে থাকে। আমি আশাবাদী, শিক্ষার্থীরা সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী হবে এবং নিজেদের ভবিষ্যৎ গড়তে সচেষ্ট হবে।”
বসুন্ধরা শুভসংঘ পাবনা জেলা শাখার সভাপতি মাহবুবুল আলম ফারুক- এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ পাবনা জেলা প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘ পাবনা জেলা শাখার উপদেষ্টা প্রবীর সাহা, বসুন্ধরা শুভসংঘ পাবনা সদর উপজেলা শাখার সভাপতি ফারহানা আক্তার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শান্ত।
সভায় আরও উপস্থিত ছিলেন সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাকিয়া সুলতানা, সহকারী শিক্ষক সাবিরা নাজনিন, আফরোজা নাজনীন, নাহিদ ইসলাম, হাসিনা আক্তার ছন্দা, সুবর্ণা রানী ভৌমিক, মোছা. জিয়াসমিন আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শান্ত বলেন, “বর্তমান সময়ে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম শিশু-কিশোরদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ কমছে, মানসিক ও সামাজিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।”
সভাপতির বক্তব্যে মাহবুবুল আলম ফারুক বলেন, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিশু-কিশোরদের মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি কমিয়ে তাদের সুস্থ, সৃজনশীল ও শিক্ষামুখী জীবনে ফিরিয়ে আনা সম্ভব। বসুন্ধরা শুভসংঘের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিডি-প্রতিদিন/তানিয়া