সাতক্ষীরায় শিশু শিক্ষার্থীদের মধ্যে শীতকালীন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ সাতক্ষীরা জেলা শাখা।
বুধবার বেলা ১১টায় নবজীবন ইনস্টিটিউটের অডিটরিয়ামে এ আলোচনা সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ফাহাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন নবজীবন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শেখ বোরহান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জ্যেষ্ঠ শিক্ষক আল মামুন।
আলোচনা সভায় শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, শীতকালে শিশুদের স্বাস্থ্যঝুঁকি তুলনামূলকভাবে বেশি থাকে। এ সময় গরম পোশাক পরানো, ঠান্ডাজনিত রোগ এড়িয়ে চলা এবং অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। তিনি আশা প্রকাশ করেন, আজকের এই আলোচনা শিক্ষার্থীদের নিজেদের পরিবার ও আশপাশের সমাজে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে সহায়ক হবে।
সভাপতির বক্তব্যে ফাহাদ হোসেন বলেন, শিশুদের মধ্যে ছোটোবেলা থেকেই শীতকালীন স্বাস্থ্য সচেতনতা ও মানবিক সহানুভূতির বোধ তৈরি করতে হবে। এই শিশুরাই ভবিষ্যতে দেশ ও সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। বসুন্ধরা শুভসংঘ সবসময় মানবিক ও সামাজিক কাজে সক্রিয় ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সাতক্ষীরা জেলা শাখার সদস্য ও শিক্ষক মাহমুদ হোসেন, সুরাইয়া, পলাশ কুমার, শাহানা খাতুন, মোস্তাফিজুর রহমান, প্রিতম দাস, আরিজুল ইসলাম, মাসুম বিল্লাল, সাগর হোসেন, মোজাহিদ, মাহবুবুর রহমানসহ অন্য সদস্যরা। এছাড়া প্রতিষ্ঠানটির রোভার ও গার্লস-ইন-রোভার সদস্যসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।
বিডি-প্রতিদিন/এমই