বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফরিদপুরে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরের লক্ষ্মীপুর রেলস্টেশন এলাকায় ২৫ জন শীতার্ত নারী ও পুরুষের হাতে কম্বল তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
নীরব রাত, কুয়াশায় মোড়া রেলস্টেশন- চারদিকে অসহায় মানুষের দীর্ঘশ্বাস। এমন পরিবেশে বসুন্ধরা শুভসংঘের সদস্যদের উপস্থিতি যেন হয়ে ওঠে আশার আলো। কম্বল হাতে পেয়ে কারও চোখে ঝরে পড়ে আনন্দের অশ্রু, কারও মুখে ফুটে ওঠে প্রশান্তির হাসি।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিন-এর জেলা প্রতিনিধি কামরুজ্জামান সোহেল, কালের কণ্ঠ-এর প্রতিনিধি মো. নুর ইসলাম, জেলা শুভসংঘের সাধারণ সম্পাদক সোনীয়া সুলতানা, দপ্তর সম্পাদক তিহান আহমেদ, আপ্যায়ন সম্পাদক বিপ্লব বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
শীতবস্ত্র পেয়ে আবেগাপ্লুত কয়েকজন নারী বলেন, রেলস্টেশনে অনেকেই কম্বল দিতে আসে। কিন্তু আমরা কখনো পাইনি। আজ বসুন্ধরা শুভসংঘের কাছ থেকে কম্বল পেয়ে খুব ভালো লাগছে। এই শীতে অন্তত একটু স্বস্তি পাব। তারা উপস্থিত সদস্যদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
বসুন্ধরা শুভসংঘের নেতৃবৃন্দ জানান, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য। শীত মৌসুমজুড়ে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা। মানবতার এই নিঃস্বার্থ প্রয়াস যেন শীতের রাতেও ছড়িয়ে দেয় উষ্ণতার আলো- এটাই প্রত্যাশা সচেতন মহলের।
বিডি-প্রতিদিন/তানিয়া