শীতের কনকনে ঠান্ডায় সুবিধাবঞ্চিত পথশিশুদের কষ্ট লাঘবে উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ যাত্রাবাড়ী থানা শাখা। সম্প্রতি যাত্রাবাড়ী এলাকায় পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি। শীতবস্ত্র হাতে পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের হাসি।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের সার্বিক দিকনির্দেশনায় এবং যাত্রাবাড়ী থানা শাখার সভাপতি তৌফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সম্রাট হোসেনের সরাসরি তত্ত্বাবধানে এ মানবিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। তাদের আন্তরিক নেতৃত্ব ও সংগঠনের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় শীতের এই সময়ে পথশিশুদের পাশে দাঁড়ানো সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মো. মনির হোসেন, সহ-সভাপতি আকরাম হোসেন ও নাসরিন আক্তার তিশা, সহ-সাধারণ সম্পাদক শাওন সূত্রধর, সাংগঠনিক সম্পাদক অতীন সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক মুহা. ইউনুস, কোষাধ্যক্ষ আরমান হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রুপা আক্তার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাজনিন শেফে, ধর্ম বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ মুন্না ও সহ-ক্রীড়া সম্পাদক জিহাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।
নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকদের সম্মিলিত উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মানবিক মিলনমেলায়। শীতবস্ত্র পেয়ে পথশিশুদের চোখে যে কৃতজ্ঞতা ও আনন্দের ঝিলিক দেখা যায়, তা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায় এবং সমাজের প্রতি দায়িত্ববোধকে আরও দৃঢ় করে তোলে।
আয়োজকরা জানান, সমাজের অবহেলিত পথশিশুরা আমাদেরই অংশ। তাদের পাশে দাঁড়ানো কোনো দয়া নয়; বরং এটি আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘ যাত্রাবাড়ী থানা শাখা শীতসহ বিভিন্ন দুর্যোগকালে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/তানিয়া