ঠাণ্ডার প্রকোপ বেড়ে যাওয়ায় প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কষ্ট লাঘবে বসুন্ধরা শুভসংঘ মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সদর উপজেলার মিরকাদিম বেদে পল্লীতে শীতার্তদের শীতবস্ত্র তুলে দেন সংগঠনের সদস্যরা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি হামিদা খাতুন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আয়নাল হক স্বপন।
মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি হামিদা খাতুন বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু একটি সামাজিক কাজ নয়, এটি আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে তরুণদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। বিশিষ্ট ক্রীড়া সংগঠক আয়নাল হক স্বপন বলেন, দুর্জয় তারুণ্যের এই মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠনের জেলা সাধারণ সম্পাদক ওয়াসিউ রহমান বৃন্ত জানান, ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবীরা শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা পালন করবে। জেলা সভাপতি আবু মুহাম্মদ রুইয়াম বলেন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা সহায়তা এবং মানবিক কার্যক্রমকে কেন্দ্র করে আগামীতেও আরও পরিকল্পিত ও টেকসই উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা যায়।
মানবিকতা, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে মিরকাদিম বেদে পল্লীতে বসুন্ধরা শুভসংঘের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি স্থানীয়দের হৃদয়ে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।
বিডি প্রতিদিন/কামাল