কনকনে শীতে যখন দরিদ্র ও অসহায় মানুষের জীবন আরও কঠিন হয়ে ওঠে, ঠিক তখনই মানবিকতার হাত বাড়িয়ে দেয় বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখা। শীতের দুঃসহ কষ্ট লাঘবে সংগঠনটির উদ্যোগে সম্প্রতি ক্ষেতলালে অসহায় মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র (কানটুপি, গলা বন্ধনী, হাত মোজা, পা মোজা ইত্যাদি) বিতরণ করা হয়েছে।
এই মানবিক কর্মসূচির আওতায় সমাজের প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষ যেন কোনোভাবেই উপেক্ষিত না থাকে—এই লক্ষ্যেই স্বেচ্ছাসেবীরা প্রত্যন্ত এলাকায় গিয়ে সরাসরি উপকারভোগীদের খোঁজ নেন এবং সহায়তা পৌঁছে দেন।
কম্বল বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন শাখার সভাপতি এম. রাসেল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার এবং সংগঠনের সক্রিয় সদস্য রওশনারা রিফাহ ও ফাহমিদা রোশনি।
অনুষ্ঠানে সভাপতি এম. রাসেল আহমেদ বলেন, শীতের এই সময়ে সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আজকের এই উদ্যোগ কেবল একটি কম্বল বা শীতে গরম কাপড় দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি মানুষের প্রতি আমাদের ভালোবাসা ও সহমর্মিতার বহিঃপ্রকাশ। আমরা বিশ্বাস করি, এমন উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করবে।
মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার বলেন, মানুষের কষ্টে পাশে দাঁড়াতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। সামান্য সহায়তাও একজন মানুষের জীবনে বড় স্বস্তি এনে দিতে পারে। এই ধরনের কার্যক্রম সমাজে মানবিকতার শক্তিকে আরও জোরালো করে।
শীত মৌসুমে বিশেষ করে অবহেলিত ও নিম্নআয়ের মানুষদের দৈনন্দিন জীবন চরম সংকটে পড়ে। বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার এই কর্মসূচি সেই সংকট মোকাবিলায় একটি কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখা দীর্ঘদিন ধরেই সমাজকল্যাণমূলক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এবারের আয়োজন সংগঠনটির সামাজিক দায়বদ্ধতা ও মানবিক চেতনার এক উজ্জ্বল প্রতিচ্ছবি।
বিডি-প্রতিদিন/মাইনুল