বসুন্ধরা শুভসংঘ বগুড়া জেলার আদমদীঘি উপজেলা শাখার উদ্যোগে তরুণ সমাজকে দক্ষ, আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে এক অনুপ্রেরণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল- ‘দক্ষতা উন্নয়নের মাধ্যমে বেকারত্ব মোকাবিলার উপায়।’
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার সান্তাহার-নওগাঁ বাইপাস সড়কের বেডো সেন্টারে এই কর্মশালার আয়োজন করা হয়। বসুন্ধরা শুভসংঘ আদমদীঘি উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও কালের কণ্ঠের প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টুর সঞ্চালনায় সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেডোর কর্মকর্তা আব্দুর রউফ, সুমন রানা, শিবনাথ চন্দ্র পাল ও তরুণদের মধ্যে জাহাঙ্গীর আলম । কর্মশালায় শতাধিক তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে গতিশীল করে তোলে।
প্রধান অতিথি অধ্যক্ষ সাইফুল ইসলাম কর্মশালায় তথ্যপ্রযুক্তি, ফ্রিল্যান্সিং, উদ্যোক্তা উন্নয়ন, যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস বৃদ্ধি ও ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি অভিজ্ঞ প্রশিক্ষক ও সফল উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে তরুণদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। তিনি বক্তব্যে বলেন, এ ধরনের কর্মশালা তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে আমিনুল ইসলাম সুমন বলেন, সমাজ পরিবর্তনের প্রধান শক্তি হলো তরুণ সমাজ। সঠিক দিকনির্দেশনা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব। বসুন্ধরা শুভসংঘ সবসময় মানবিক ও উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
আয়োজকরা জানান, চাকরির পেছনে না ছুটে নিজ নিজ দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টির মানসিকতা গড়ে তোলাই ছিল এই কর্মশালার মূল লক্ষ্য। দক্ষতা উন্নয়নের মাধ্যমে বেকারত্ব যে একটি সমস্যা নয়, বরং সম্ভাবনায় রূপ নিতে পারে- এই বার্তাই তুলে ধরা হয় কর্মশালায়।
দক্ষ, সচেতন ও আত্মবিশ্বাসী তরুণ প্রজন্মই গড়ে তুলবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ- এই বিশ্বাস নিয়ে কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়।
বিডি-প্রতিদিন/মাইনুল