মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দ্বীপজেলা ভোলার মনপুরা উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) মনপুরা সরকারি কলেজ প্রাঙ্গণে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে মনপুরা উপজেলার শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বসুন্ধরা শুভসংঘ আয়োজিত ক্যাম্পেইনে সকাল থেকেই মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের পাশাপাশি নারী-পুরুষ, যুবক, বয়স্কসহ নানা বয়সী মানুষ বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করান। অনেকেই প্রথমবারের মতো নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
বসুন্ধরা শুভসংঘের আয়োজনে মনপুরায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে দক্ষ ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে রক্তের নমুনা সংগ্রহ এবং গ্রুপ নির্ণয় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্রাকের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির চিকিৎসা প্রযুক্তিবিদ সুদীপ্ত দেবনাথ। তিনি আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে রক্তের নমুনা সংগ্রহ এবং গ্রুপ নির্ণয় করেন।
ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনকে সফল ও সার্থক করতে সার্বিক দায়িত্ব পালন করেছেন বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সভাপতি ফজলে রাব্বি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোয়েব, সাংগঠনিক সম্পাদক তামজিদ আহমেদ সামি, যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ মুন্সী, নারী বিষয় সম্পাদক তানজিলা রহমান, আপ্যায়ন বিষয় সম্পাদক জাফরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মো. সিয়াম, ক্রীড়া সম্পাদক মো. জাহিদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, কার্যনির্বাহী সদস্য রামকৃষ্ণ দাস, খাদিজা, লাইজু আক্তার, হিমেল দাস, সাইফুল্লাহ ফরাজী, সাদিয়া আক্তার, মো. সোহান, মো. রাকিব, মো. শাখাওয়াত, ঝুমুর আক্তার প্রমুখ।
অংশগ্রহণকারীদের রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্তদান পদ্ধতি, রক্ত সংরক্ষণ ও জরুরি মুহূর্তে রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এতে করে রক্তদান নিয়ে মানুষের মধ্যে থাকা ভয় ও ভুল ধারণা দূর করার চেষ্টা করা হয়।
বসুন্ধরা শুভসংঘের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শিক্ষার্থী সাবিনা বলেন, আগে কখনো রক্তের গ্রুপ পরীক্ষা করাইনি। আজ এখানে এসে বিনামূল্যে রক্তের গ্রুপ জানতে পারলাম। এমন উদ্যোগ আরও বেশি হলে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে।
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির চিকিৎসা প্রযুক্তিবিদ সুদীপ্ত দেবনাথ বলেন, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন মনপুরা উপজেলার মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং সামাজিক দায়িত্ব পালনে তরুণদের এগিয়ে আসার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
তিনি আরো বলেন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং জরুরি রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করতে মনপুরায় এধরনের উদ্যোগ নেয়ায় বসুন্ধরা শুভসংঘকে অসংখ্য ধন্যবাদ জানাই।
বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সভাপতি ফজলে রাব্বি বলেন, প্রত্যন্ত চরাঞ্চল হওয়ায় মনপুরা উপজেলায় এখনো অনেক মানুষ নিজেদের রক্তের গ্রুপ জানেন না। দুর্ঘটনা, প্রসবকালীন জটিলতা কিংবা হঠাৎ অসুস্থতার সময় রক্তের প্রয়োজন হলে রক্তের গ্রুপ না জানার কারণে চিকিৎসা নিতে দেরি হয়, যা অনেক ক্ষেত্রে জীবনঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। এসব বিষয় বিবেচনায় নিয়ে সাধারণ মানুষের সুবিধার্থে এই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোয়েব বলেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে শুধু রক্তের গ্রুপ নির্ণয়ই নয়, ভবিষ্যতের জন্য একটি স্বেচ্ছাসেবী রক্তদাতা তালিকা তৈরির উদ্যোগ নেয়া হয়েছে, যাতে জরুরি প্রয়োজনে দ্রুত রক্ত সংগ্রহ করা সম্ভব হয়।
বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তামজিদ আহমেদ সামি বলেন, বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আগামীতেও মনপুরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও দুর্গম এলাকায় এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার নারী বিষয় সম্পাদক তানজিলা রহমান বলেন, আমরা চাই প্রতিটি মানুষ তার রক্তের গ্রুপ জানুক এবং একে অপরকে রক্তদানে উৎসাহিত করুক। বসুন্ধরা শুভসংঘ সবসময়ই আর্তমানবতার সেবায় কাজ করে আসছে।
ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা বসুন্ধরা শুভসংঘের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করার সুযোগ গ্রামীণ ও চরাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত উপকারী। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম নিয়মিত হলে এলাকার স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।
উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘ দেশের অন্যতম বৃহৎ সামাজিক ও মানবিক সংগঠন হিসেবে শিক্ষা, স্বাস্থ্যসেবা, দুর্যোগকালীন সহায়তা, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম দীর্ঘদিন ধরে সফলভাবে পরিচালনা করে আসছে। মনপুরা উপজেলায় সংগঠনটির এমন উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
বিডি-প্রতিদিন/মাইনুল