জীবনের গুরুত্বপূর্ণ সময়ে হঠাৎ নেমে আসে বিপর্যয়। এসএসসি পরীক্ষার প্রস্তুতির মাঝপথে পরিবারের একমাত্র উপার্জনক্ষম অভিভাবককে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে এক মেধাবী শিক্ষার্থী। আর্থিক সংকটে অনিশ্চিত হয়ে ওঠে তার পরীক্ষার ফরম পূরণ। ঠিক তখনই পাশে দাঁড়ায় বসুন্ধরা শুভসংঘ কদমতলী থানা শাখা।
রাজধানীর মাতুয়াইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সোলায়মান। এসএসসি পরীক্ষার ফরম পূরণের প্রায় ২৫ দিন আগে অভিভাবককে হারিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে। সংসারের দায়, ভবিষ্যৎ অনিশ্চয়তা ও পরীক্ষার মানসিক চাপ— সব মিলিয়ে থমকে যেতে বসেছিল তার পড়াশোনার স্বপ্ন।
শিক্ষার্থীর এই সংকটের কথা জানতে পেরে ঢাকা মহানগর বসুন্ধরা শুভসংঘের সমন্বয়ক আবদুর হান্নান মিলটনের দিকনির্দেশনায় দ্রুত উদ্যোগ নেয় কদমতলী থানা শাখা। সংগঠনটির পক্ষ থেকে সোলায়মানের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সম্পূর্ণ অর্থ সহায়তা হিসেবে দেওয়া হয়, যাতে সে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে।
সম্প্রতি এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ কদমতলী থানা শাখার সভাপতি মো. আইনুল রহমান শিক্ষাবৃত্তির অর্থ সোলায়মানের হাতে তুলে দেন। এ সময় সহসভাপতি রাইসুল ও রীনা, সাধারণ সম্পাদক মেহেদি, সহ-সাধারণ সম্পাদক শিখর, সাংগঠনিক সম্পাদক প্রিন্স, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক রোহানসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতারা জানান, দারিদ্র্য বা পারিবারিক দুর্যোগের কারণে যেন কোনো শিক্ষার্থী শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে— এটাই তাদের মূল লক্ষ্য। তারা জানান, শিক্ষা একটি জীবন বদলে দিতে পারে, আর সেই পথচলায় পাশে থাকাই বসুন্ধরা শুভসংঘের অঙ্গীকার।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত সোলায়মান বলেন, আমি ভেবেছিলাম হয়ত পরীক্ষা দেওয়া সম্ভব হবে না। বসুন্ধরা শুভসংঘ আমাকে আবার স্বপ্ন দেখার সাহস দিয়েছে। ভালো ফল করে তাদের বিশ্বাসের মর্যাদা রাখতে চাই।
বিডি-প্রতিদিন/সুজন