বাল্যবিয়ে প্রতিরোধ এবং পরিবারের প্রতি শিশুদের নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে ঠাকুরগাঁওয়ে জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অর্ধশতাধিক শিশু ও কিশোরী বাল্যবিয়ের কুফল এর নেতিবাচক প্রভাব, বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় এবং ছোটবেলা থেকেই শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলাবোধ, সৌন্দর্যচেতনা, সহমর্মিতা ও দায়িত্বশীলতা গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আলোচনায় অংশগ্রহণকারী নবম শ্রেণির শিক্ষার্থী প্রাপ্তি আহম্মেদ বলেন, ‘এই আলোচনা আমার খুব ভালো লেগেছে। ছোট ছোট ভালো কাজের মাধ্যমে কীভাবে নিজেকে ভালো রাখা যায় এবং পরিবেশকে সুন্দর করা যায়, তা জানতে পেরেছি। ভালো ব্যবহার ও হাসিমুখে কথা বললে পরিবারের সদস্য, বন্ধু, সহপাঠী ও প্রতিবেশীদের মন জয় করা যায়—এ বিষয়টি নতুনভাবে বুঝতে পেরেছি। বসুন্ধরা শুভসংঘকে অনেক ধন্যবাদ।
আরেক শিক্ষার্থী মার্জিয়া বলেন,‘ অর্থের অভাব ও অনুকূল পরিবেশ না পাওয়ায় অনেক দরিদ্র পরিবারের কন্যাশিশুরা বেশি দূর পড়ালেখা করতে পারে না। কেউ প্রাথমিক পর্যায়েই ঝরে পড়ে, আবার অনেকের স্কুলের গণ্ডি পেরোনোর আগেই বিয়ে হয়ে যায়। বাল্যবিয়ে প্রতিরোধে শিশুদেরও ইতিবাচক ভূমিকা রয়েছে। এই আলোচনায় অনেক শিক্ষণীয় বিষয় জানতে পেরেছি, যা ভবিষ্যতে সুন্দর সমাজ ও দেশ গঠনে আমাদের কাজে আসবে।’
আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সভাপতি ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস দেব নাথ। তিনি বলেন, ‘শিশুদের মন অত্যন্ত কোমল। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যদি সঠিক দিকনির্দেশনা দেওয়া যায়, তাহলে তারা সহজেই ভালো কাজের দিকে ঝুঁকে পড়ে। এর মাধ্যমেই শিশুরা প্রকৃত মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠে। ভবিষ্যতে তারাই পরিবার, সমাজ ও দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। শিশুরা দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ, তাই তাদের এমনভাবে গড়ে তুলতে হবে যেন তারা মানবিক হয় এবং মানুষের কল্যাণে কাজ করতে পারে।”
মুক্ত আলোচনায় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল আলম লিটন, কালের কণ্ঠ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস ও বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁও জেলা শাখার অন্যান্য সদস্যরা। আয়োজকরা জানান, শিশু-কিশোরদের সচেতন করে বাল্যবিয়ে রোধ এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/কামাল