দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শিশুদের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিতে মাঠে নেমেছে বসুন্ধরা শুভসংঘ মাদারীপুরের কালকিনি উপজেলা শাখা। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় কালকিনি পৌরসভার দক্ষিণ কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে হাম রোগের লক্ষণ, প্রতিরোধের উপায় এবং টিকাদানের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। শিক্ষার্থীদের মাধ্যমে এসব তথ্য অভিভাবকদের কাছেও পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ কালকিনি উপজেলা শাখার সহ-সভাপতি মনির হোসেন সরকার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তানহা ইসলাম।
লিফলেট বিতরণকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সরোয়ার হোসেন বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা সাধারণত শিশুদের আক্রান্ত করে। এ রোগে জ্বর, নাক দিয়ে পানি পড়া ও চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা যায়। তিনি বলেন, “হাম থেকে বাঁচতে হলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে এবং আক্রান্ত হলে অন্যদের থেকে দূরে থেকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।”
তিনি শিক্ষার্থীদের লিফলেট বাড়িতে নিয়ে গিয়ে অভিভাবকদের দেখানোরও আহ্বান জানান এবং এ উদ্যোগের জন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা বীণা পানি পাল, সায়েকা খানম, শাহীনা মোস্তফা, কানিজ ফাতেমা, সালমা আক্তার, হাবিবা সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কালকিনি উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরাফাত আহমেদ, সাংগঠনিক সম্পাদক খন্দকার মুবিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরমান হাসান, অর্থ সম্পাদক মো. জুবায়ের আহমেদসহ অন্যান্য সদস্যরা।
বিডি-প্রতিদিন/টিএ