রাজধানীর কলাবাগানের ফ্রি স্কুল স্ট্রিটে একটি আবাসিক ভবনে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন জুয়েল, পারভেজ ও রানা। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধ তিনজনই পান্থপথে ফার্নিচার দোকানে কাজ করেন এবং একে অপরের চাচাতো ভাই।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, রানার শরীরের ৬৩ শতাংশ, জুয়েলের ৩০ শতাংশ ও পারভেজের ২১ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। রানার অবস্থা বেশি গুরুতর হওয়ায় আইসিইউতে চিকিৎসা চলছে। দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. রাজিব জানান, ফ্রি স্কুল স্ট্রিটের ৪৪/এ নম্বর বাসার নিচতলায় ফার্নিচার বার্নিশের কাজ করছিলেন দগ্ধ তিনজন।