সর্বমোট ২৬৫ জন শিক্ষার্থী নিয়ে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি)-এর বিল্ডিং ব্রিজেস থ্রু লিডারশিপ ট্রেনিং (বিবিএলটি) প্রোগ্রামের ৫০, ৫২ ও ৫৬তম ব্যাচ এবং বিল্ডিং ব্রিজেস থ্রু লিডারশিপ ট্রেনিং জুনিয়র (বিবিএলটিজে) প্রোগ্রামের ৪৬ ও ৫০তম ব্যাচের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই লিডারশিপ প্রোগ্রামগুলোর সহযোগিতায় ছিল দ্য এমব্যাসি অব দ্য কিংডম অব দ্য নেদারল্যান্ডস।
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ইংরেজি, বাংলা এবং মাদ্রাসা মাধ্যম থেকে নির্বাচিত মোট ২৬৫ জন শিক্ষার্থী ১০ সপ্তাহ এবং ৫ সপ্তাহব্যাপী যথাক্রমে বিবিএলটি ও বিবিএলটিজে নেতৃত্ব প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে বিওয়াইএলসি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। গ্র্যাজুয়েটদের হাতে সনদপত্র তুলে দিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্র্যাজুয়েটদের অভিভাবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সমাজসেবকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বিওয়াইএলসি’র এক্সিকিউটিভ চেয়ারপার্সন ইজাজ আহমেদ স্বাগত বক্তব্যে গ্র্যাজুয়েটদের অভিনন্দন ও শুভকামনা জানিয়ে বলেন, নেতৃত্ব মানে কর্তৃত্ব নয়। নেতৃত্ব মানে কাজকে এগিয়ে নেওয়া এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। এই ইতিবাচক পরিবর্তনের ভিত্তি তৈরি এবং একটি সুন্দর ও অগ্রসর বাংলাদেশ গড়ে তোলার প্রয়াসে বিওয়াইএলসি গত ১৭ বছর ধরে ধারাবাহিকভাবে তরুণদের নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দৈনিক আজাদী’র সম্পাদক এম. এ. মালেক।