বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের প্রদর্শনী গালফ ফুড ফেয়ারে ব্যাপক সাড়া পেয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান প্রাণ। মেলায় অংশ নিয়ে প্রতিষ্ঠানটি প্রায় ৫৫ লাখ ডলারের রপ্তানি আদেশ পেয়েছে।
আমেরিকা, চীন, সৌদি আরব, ইরাক, সিরিয়া, ইথিওপিয়া, কেনিয়া ও সোমালিয়াসহ বিভিন্ন দেশের ক্রেতারা প্রাণের বিস্কুট, নুডলস, বেভারেজ ও কনফেকশনারি পণ্যের অর্ডার দিয়েছেন বলে জানা গেছে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী গালফ ফুড ফেয়ার-২০২৬ শেষ হয় ৩০ জানুয়ারি। এবারের মেলায় বিশ্বের ১৯৫টি দেশের আট হাজারের বেশি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করে। প্রাণ গ্রুপ মেলায় প্রায় ৫০০ ধরনের খাদ্যপণ্য প্রদর্শন করে।
প্রাণ গ্রুপের নির্বাহী পরিচালক (এক্সপোর্ট) মিজানুর রহমান বলেন, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, সেন্ট্রাল ও সাউথ আমেরিকা এবং ইউরোপে বাজার সম্প্রসারণে কাজ করছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যেই প্রতিবছর গালফ ফুড ফেয়ারে অংশ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, এই মেলা উৎপাদনকারী ও ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে নতুন পণ্য, প্রযুক্তি ও বৈশ্বিক ভোক্তা আচরণ সম্পর্কে ধারণা পাওয়া যায়।
প্রাণের নির্বাহী পরিচালক গোলাম রসুল (এক্সপোর্ট—ইউরোপ ও আমেরিকা) জানান, এ বছর ইউরোপসহ বিভিন্ন দেশের প্রায় ৫০০ আমদানিকারক প্রাণের স্টল পরিদর্শন করেছেন। জুস ও বেভারেজ, বিস্কুট ও বেকারি, স্ন্যাকস, নুডলস, স্পাইস, কুলিনারি ও ফ্রোজেন ফুডস ক্যাটাগরির পণ্য প্রদর্শন করা হয়, যার মধ্যে ফ্লেভারড ড্রিংক, বিস্কুট, জুস ও ফ্রোজেন ফুডস সবচেয়ে বেশি আকর্ষণ সৃষ্টি করেছে।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, বিশ্বের প্রতিটি প্রান্তে প্রাণের পণ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে বিশ্বের শীর্ষ ১০টি খাদ্যপণ্য প্রতিষ্ঠানের একটি হিসেবে গড়ে তোলাই লক্ষ্য। গালফ ফুড ফেয়ার এ ক্ষেত্রে আন্তর্জাতিক ব্যবসায়িক সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিডি প্রতিদিন/হিমেল