তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার মধ্যে দিয়ে ঢাকায় চার দিনব্যাপী ২৫ তম আন্তর্জাতিক ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক এবং অষ্টম ডেনিম শো সম্পন্ন হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শেষ হয় অনুষ্ঠান।
গত ২৮ জানুয়ারি কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) ও চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড-এর টেক্সটাইল শিল্প উপ-পরিষদ (সিসিপিআইটি-টেক্স চায়না) যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ১৫টিরও বেশি দেশের প্রায় ৩২৫টি কোম্পানি অংশগ্রহণ করে এবং দুই প্রদর্শনী মিলিয়ে ৬৫০টির বেশি বুথে সুতা, ফেব্রিক, ডেনিম ও সংশ্লিষ্ট টেক্সটাইল পণ্যের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শন করে।
প্রদর্শনীর প্রথম দিনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর সহযোগিতায় ‘বাংলাদেশে বিনিয়োগ কেন জরুরি শীর্ষক সেমিনার এবং দ্বিতীয় দিনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি)-এর সহযোগিতায় ‘বাংলাদেশে মাইস (সভা, প্রণোদনা, সম্মেলন ও প্রদর্শনী) পর্যটনের গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক প্রদর্শনী বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক খাতের বৈশ্বিক অবস্থান আরও সুদৃঢ় করার পাশাপাশি বিনিয়োগ ও ইভেন্টভিত্তিক পর্যটনের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্যা অ্যাম্বাসি অফ দ্যা পিপল’স রিপাবলিক অফ চায়না ইন বাংলাদেশ এর কমার্শিয়াল কনস্যুলেট সং ইয়াং, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক (ভারপ্রাপ্ত) আরিফুর রহমান খান, অতিরিক্ত সচিব মো. ফিরোজ উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল