দেশের বিভিন্ন শিল্পখাতে এআই প্রযুক্তির ব্যবহার বাড়ায় দক্ষ জনবল তৈরির লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-তে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে রাইজ এআই ক্যাম্প। তরুণদের জন্য বাংলালিংকের এআই-নির্ভর ডিজিটাল হাব ‘রাইজ’-এর উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে প্রয়োগভিত্তিক শিক্ষা, ক্যারিয়ার প্রস্তুতি ও শিল্প অভিজ্ঞতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অ্যাকাডেমিক শিক্ষার সঙ্গে শিল্পখাতের বাস্তব চাহিদার ব্যবধান কমিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়। এতে এআই প্রযুক্তিকে শুধু প্রযুক্তিগত বিষয় হিসেবে নয়, বরং ক্যারিয়ার গঠন, কর্মক্ষেত্র ও উদ্যোগ গ্রহণে এর বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী চিন্তা ও পেশাগত দক্ষতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
ক্যারিয়ারাইজ, এআই ল্যাবস ও সাইডগিগস—এই তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে রাইজ এআই ক্যাম্প আয়োজন করা হয়। এর মধ্যে ক্যারিয়ারাইজ সেগমেন্টটি ইউআইইউতে অনুষ্ঠিত হয়, যেখানে ছয় শতাধিক নিবন্ধিত শিক্ষার্থী হাতে-কলমে কর্মশালা ও ক্যারিয়ারভিত্তিক সেশনে অংশগ্রহণ করেন এবং খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছ থেকে দিকনির্দেশনা লাভ করেন।
ইউআইইউ বিজনেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রাতিষ্ঠানিক সহায়তা দেয় ইউআইইউ’র ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স (ডিসিসিএসএ)। রাইজের সঙ্গে অংশীদারিত্বে আয়োজন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডিসিসিএসএ-এর পরিচালক নাহিদ হাসান খান।
এ বিষয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “দ্রুত পরিবর্তনশীল বিশ্বে আত্মবিশ্বাসের সঙ্গে ক্যারিয়ার গড়তে শুধু শ্রেণিকক্ষের শিক্ষা যথেষ্ট নয়; প্রয়োজন বাস্তব দক্ষতা ও অভিজ্ঞতা। রাইজ এআই ক্যাম্পের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের শিল্পখাতের প্রত্যাশা সম্পর্কে সচেতন করতে এবং ভবিষ্যৎ সুযোগের জন্য প্রস্তুত করে তুলতে চাই।”
কর্মশালায় বাংলালিংকের হেড অব রাইজ কে এম রায়হান, হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস এস এম শামসুর রহমান, রাইজের সেলস ডিরেক্টর মো. ফরহাদ হোসেন, ডিজিটাল মার্কেটিংয়ের সিনিয়র ম্যানেজার আলা উদ্দিন, হেড অব ডিজিটাল রিচার্জ মোহাম্মদ তাহমিদুর রহমান, ট্যালেন্ট ম্যানেজমেন্টের সিনিয়র ম্যানেজার রেফায়াত আহমেদ, ট্যালেন্ট অ্যাকুইজিশনের সিনিয়র স্পেশালিস্ট ইশফাকুর রহমান এবং ট্যালেন্ট ম্যানেজমেন্টের লিড স্পেশালিস্ট তাহসীন লাবীবা প্রীমাসহ রাইজ ও বাংলালিংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেশন পরিচালনা করেন।
বিডি প্রতিদিন/হিমেল