টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট ও আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাস্টারকার্ডের সঙ্গে কৌশলগত পার্টনারশিপে যুক্ত হয়েছে। এ অংশীদারত্বের লক্ষ্য দেশজুড়ে গ্রাহকদের জীবনধারা সমৃদ্ধ করা এবং ডিজিটাল সম্পৃক্ততা আরও জোরদার করা।
উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, এ সহযোগিতার মাধ্যমে দীর্ঘমেয়াদি সম্পর্কের সূচনা হলো। বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য উপযোগিতা-নির্ভর ও ভবিষ্যত-উপযোগী সেবা নিশ্চিত করতে কাজ করবে তারা। গ্রামীণফোনের বিস্তৃত ডিজিটাল ইকোসিস্টেম এবং মাস্টারকার্ডের বৈশ্বিক পেমেন্ট দক্ষতা ও লাইফস্টাইলভিত্তিক উদ্ভাবনের সমন্বয়ে নতুন সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি সম্ভাব্য কো-ব্র্যান্ডেড উদ্যোগ ও গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা চালুর বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
পার্টনারশিপের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও ডিরেক্টর জাকিয়া সুলতানা। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সহযোগিতার মাধ্যমে গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি, ডিজিটাল সেবার প্রসার এবং আধুনিক জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুবিধা প্রদানে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে জানায় উভয় প্রতিষ্ঠান।
বিডি-প্রতিদিন/সুজন