স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (সিসিপ) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)।
চুক্তির আওতায় বৃহৎ পরিসরে সেমিকন্ডাক্টর শিল্পভিত্তিক দক্ষ জনবল উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সিসিপের এক্সিকিউটিভ প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ ওয়ালিদ হোসেন এবং বিএসআইএর সভাপতি এম এ জব্বার চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী ইইই, ইসিই, সিএসই, অ্যাপ্লায়েড ফিজিকসসহ সংশ্লিষ্ট বিভিন্ন শাখা থেকে স্নাতক সম্পন্ন তিন হাজার ৫০০ জনকে ছয়টি বিশেষায়িত কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি কোর্সের মেয়াদ হবে তিন মাস বা ২৪০ ঘণ্টা। কর্মসূচির মোট ব্যয় ধরা হয়েছে ৩৫.১৪ কোটি টাকা।
কর্মসূচির বাস্তবায়নকাল ফেব্রুয়ারি ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৮ পর্যন্ত। অনুষ্ঠানে মোহাম্মদ ওয়ালিদ হোসেন বলেন, উচ্চমানের প্রশিক্ষণ, শক্তিশালী মনিটরিং ব্যবস্থা এবং প্রশিক্ষণপ্রাপ্তদের অন্তত ৬৫ শতাংশের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ