প্রাইম ব্যাংক পিএলসি’র ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্ম প্রাইমএকাডেমিয়া’র উদ্যোগে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে সম্প্রতি ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
আইইউটি ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সোসাইটি (সিবিএস)-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে তরুণদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে প্রাইম ব্যাংকের চলমান অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল অ্যাকাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তবভিত্তিক আর্থিক জ্ঞান ও অভিজ্ঞতার সংযোগ স্থাপন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে আর্থিক পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের অল্প বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। তিনি ১৯৯৫ সালে প্রাইম ব্যাংকে একটি ডিপিএস (ডিপোজিট পেনশন স্কিম) হিসাব খোলার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে নিয়মিত সঞ্চয়ের দীর্ঘমেয়াদি সুফল ব্যাখ্যা করেন।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। তিনি আর্থিক শৃঙ্খলা, ধারাবাহিক আত্মউন্নয়ন এবং দায়িত্বশীল আর্থিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আর্থিক অন্তর্ভুক্তি কেবল ব্যাংক হিসাব খোলার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের জন্য সুযোগ সৃষ্টি, বৈষম্য হ্রাস এবং অর্থনীতিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার একটি প্রক্রিয়া। তিনি ডিজিটাল হিসাব খোলা (ই-কেওয়াইসি), আধুনিক ব্যাংকিং সেবা এবং দ্রুত পরিবর্তনশীল আর্থিক পরিবেশে তরুণদের নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার বিষয়েও ব্যাবহারিক দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইউটির রেজিস্ট্রার ড. মওয়েবেসা উমার, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এফইটি)-এর ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্লাহ পাটোয়ারী এবং কম্পট্রোলার মারুফুল ইসলাম ভুঁইয়া, এফসিএ।
বিডি-প্রতিদিন/সুজন