হবিগঞ্জে প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ১২ হাজার নারীর কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন গ্রুপটির পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল।
শনিবার হবিগঞ্জের একটি হোটেলে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
কামরুজ্জামান বলেন, ‘হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল শিল্পপার্কে সরাসরি ১২ হাজার নারীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। নারী কর্মীরা বিভিন্ন উৎপাদন প্লান্টে দক্ষতার সঙ্গে কাজ করায় সম্প্রতি তাদের নিয়োগ আগের তুলনায় বাড়ানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ৩০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। যা এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে। এছাড়া শিল্পপার্কটি চালু হওয়ার পর এলাকায় ক্ষুদ্র ব্যবসা, পরিবহন খাতসহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে।’
কামরুজ্জামান কামাল আশা প্রকাশ করে বলেন, ‘হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগামী দিনে নারী কর্মীর সংখ্যা ২০ হাজারে পৌঁছাবে।’
ইন্ডাস্ট্রিয়াল পার্কটির চিফ প্লান্ট অফিসার দীপক কুমার দেব জানান, এখানে নারীদের কর্মসংস্থানের পাশাপাশি দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ ও প্রমোশনের সুযোগও রয়েছে। নারীবান্ধব নীতিমালার মাধ্যমে কর্মীদের উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘এই শিল্পপার্কে কর্মরত নারী কর্মীদের প্রায় ৮০ শতাংশই স্থানীয়। বাকিরা সিলেট, মৌলভীবাজারসহ আশেপাশের জেলা থেকে এসেছেন।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম বৃহৎ একটি শিল্পপার্ক। প্রায় ১১০০ বিঘার জমির ওপর প্রতিষ্ঠিত শিল্পপার্কটিতে বর্তমানে ৫০ ধরনের বেশি পণ্য তৈরি হচ্ছে। যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য, প্লাস্টিক, হাউজহোল্ড পণ্য, পার্সোনাল কেয়ার, হালকা প্রকৌশল, টেক্সটাইলসহ বিভিন্ন ধরনের পণ্য।
মতবিনিময় সভায় হবিগঞ্জ জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের পাশাপাশি প্রাণ-আরএফএল গ্রুপের জনসংযোগ বিভাগের প্রধান তৌহিদুজ্জামানসহ প্রাণ-আরএফএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই