প্রাইম ব্যাংকের ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘প্রাইম নাও’-এর সঙ্গে যৌথভাবে দেশে প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করেছে বৈশ্বিক পেমেন্ট প্রযুক্তি প্রতিষ্ঠান মাস্টারকার্ড।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ‘প্রাইম নাও’ মাস্টারকার্ডে কোনো কার্ড নম্বর, সিভিভি বা মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ থাকে না। ফলে কপি, স্কিমিং বা সরাসরি দেখে কার্ডের তথ্য সংগ্রহের ঝুঁকি থাকে না। দৃশ্যমান সংবেদনশীল তথ্য না থাকায় শোল্ডার সার্ফিং এবং প্রচলিত জালিয়াতির ঝুঁকিও কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব হয়।
কার্ডের সব তথ্য ‘প্রাইম নাও’ অ্যাপে নিরাপদে সংরক্ষিত থাকে। এর ফলে কার্ডহোল্ডাররা মোবাইল ফোন থেকেই অনলাইন লেনদেনের জন্য প্রয়োজনীয় তথ্য তাৎক্ষণিকভাবে দেখতে ও ব্যবহার করতে পারবেন।
গ্রাহকরা নতুন এই ডেবিট কার্ডে অ্যাপভিত্তিক পূর্ণ নিয়ন্ত্রণের সুবিধা পাবেন। রয়েছে নিরাপদ কিউআর-ভিত্তিক অ্যাক্টিভেশন, ব্যয়ের সীমা নির্ধারণ, অ্যাক্সেস ব্যবস্থাপনা ও ডিজিটাল রিইস্যু। এমনকি কার্ডটি হারিয়ে গেলেও এতে কোনো ব্যবহারযোগ্য তথ্য না থাকায় অননুমোদিতভাবে ব্যবহার করা সম্ভব হবে না।
এই ডেবিট কার্ডের মাধ্যমে দেশজুড়ে মাস্টারকার্ডের ১০ হাজারের বেশি পার্টনার মার্চেন্টে সারা বছর নানা সুবিধা উপভোগ করা যাবে। আধুনিক ও মিনিমাল ডিজাইনের এই কার্ডে কার্ডহোল্ডাররা পছন্দমতো ডিজাইন নির্বাচন করতে, কার্ডে নিজের নাম যুক্ত করতে এবং এক ট্যাপেই ই-কমার্স সুবিধা চালু করতে পারবেন।
প্রাইম ব্যাংক পিএলসি-এর বোর্ড চেয়ারম্যান তানজিল চৌধুরী বলেন, ‘‘বাংলাদেশে ‘প্রাইম নাও’ নাম্বারলেস কার্ড চালুর মাধ্যমে আমরা নতুন দৃষ্টান্ত স্থাপন করেছি। অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে কার্ডে আনা হয়েছে আধুনিক ও মার্জিত নকশা। ‘প্রাইম নাও’ অ্যাপের মাধ্যমে গ্রাহকদের হাতেই পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে। এটি শুধু একটি কার্ড নয়; এটি ডিজিটাল-ফার্স্ট জীবনধারার দিকে এক বড় পদক্ষেপ।’’
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘নম্বরবিহীন ডেবিট কার্ডের উন্মোচন দেশের ডিজিটাল পেমেন্ট যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নাম্বারলেস প্রযুক্তি লেনদেনকে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করবে।’
তিনি আরও বলেন, ‘এই নতুন প্রজন্মের উদ্ভাবন বাংলাদেশে নিয়ে আসতে প্রাইম ব্যাংকের সঙ্গে অংশীদার হতে পেরে মাস্টারকার্ড আনন্দিত। নিরাপদ, সুবিধাজনক ও ভবিষ্যৎ-প্রস্তুত পেমেন্ট নিশ্চিত করার প্রতিশ্রুতি আমরা আরও জোরদার করছি।’
বিডি-প্রতিদিন/এমই