মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে চলমান উত্তেজনা ও নিরাপত্তাজনিত অনিশ্চয়তার প্রেক্ষাপটে প্রবাসী স্বজনদের সঙ্গে যোগাযোগ সহজ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক। প্রতিষ্ঠানটির সেবামুখী দর্শন ‘বাংলালিংক – কেয়ার ফর ইউ’-এর অংশ হিসেবে গ্রাহকদের জন্য সীমিত সময়ের এই সুবিধা চালু করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি তারা কর্মরত দেশগুলোর অর্থনীতিতেও ভূমিকা রাখছেন। সাম্প্রতিক পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা নিয়ে দেশে থাকা পরিবারের সদস্যদের উদ্বেগ বেড়েছে। এই প্রেক্ষাপটে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে বাংলালিংক।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ৩ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত বাংলালিংক গ্রাহকেরা ডেটা চার্জ ছাড়াই ইমো অ্যাপ ব্যবহার করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। অফার চলাকালে অতিরিক্ত ডেটা খরচ ছাড়াই ইমোর মাধ্যমে ভয়েস ও ভিডিও কল করা যাবে।
এই সুবিধা পেতে গ্রাহকদের ক্যাম্পেইন চলাকালে একবার *১২১*৫৫৫# ডায়াল করে অফারটি সক্রিয় করতে হবে।
উদ্যোগ সম্পর্কে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, তাদের দায়িত্ব শুধু নেটওয়ার্ক সেবা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। সংকটময় সময়ে গ্রাহকদের পাশে থেকে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করাই তাদের লক্ষ্য। পরিবারের সদস্যদের উদ্বেগ কমাতে এবং প্রয়োজনের মুহূর্তে সহমর্মিতার পরিচয় দিতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/মুসা